উত্তর কলকাতায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া, চাপ সৃষ্টি করা, মূল অভিযুক্তকে পালাতে সাহায্য করা এবং এক প্রত্যক্ষদর্শীকে এলাকাছাড়া করার অভিযোগে এক পুরপ্রতিনিধির স্বামী তথা তৃণমূল নেতা জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নাবালিকার সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটে। রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের একাংশ থানার সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ ওই ব্যক্তির উপর চড়াও হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের হস্তক্ষেপে তাঁদের কয়েকজন আহত হয়েছেন।
রাতেই ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক অরিজিৎ বক্সি। তিনি জানান, নাবালিকার সঙ্গে যৌন হেনস্থার ঘটনার পর রবিবার রাতে অভিযোগ দায়ের হয়। স্থানীয় মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হন। তাঁর অভিযোগ, ধৃত তৃণমূল নেতা মূল অভিযুক্তকে পালাতে সাহায্য করেছেন এবং নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করেছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে দমদম থানার পুলিশ।




