ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে দিল্লি পুলিশের সক্রিয়তা ও লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল যুবনেত্রী উপাসনা চৌধুরী।
তিনি দাবি করেন, “মসনদে যারা বসে রয়েছেন, তারা জনগণের কণ্ঠস্বরকে এতটাই ভয় পান যে ১৪৪ ধারা জারি করতে হয়, লাঠিচার্জ করতে হয়। গণতান্ত্রিক প্রতিবাদকে দমন করার চেষ্টা চলছে।”
উপাসনার বক্তব্য, এই আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। তাঁর দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সোনম ওয়াংচুক ২০ দিন ধরে অনশন করেছিলেন। পরে তাঁকে ট্রেনে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আটক করে রাখা হয়। শুধু তাই নয়, আন্দোলনকারীদের উপরও আক্রমণ চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ ২০ জুলাই আমরা সোনম ওয়াংচুকের কণ্ঠ থেকে যে বার্তা শুনেছি, তা মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ের বার্তা। বিরোধী কণ্ঠস্বর হিসেবে সাধারণ মানুষ এবং যুব সমাজ আজ গর্জে উঠছে, আগামী দিনেও আরও জোরালোভাবে গর্জে উঠবে।”