সিকিমের নামচি জেলার এনএইচপিসি-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। প্রশাসন জানিয়েছে, এখনও অন্তত পাঁচজন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।
সোমবার দুপুরে সুড়ঙ্গের ভিতরে সন্দেহভাজন মিথেন গ্যাসের বিস্ফোরণের জেরে ধস নামে। সেই সময় সুড়ঙ্গে মোট ২৭ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে দু’জন কোনওভাবে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি ২৫ জন ভিতরে আটকে পড়েন। উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিষাক্ত গ্যাস ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজে বারবার বাধা তৈরি হচ্ছে। এনডিআরএফ, রাজ্য প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। রাজ্য সরকারও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে।




