স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশী কেন বাদ? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কেন তাঁর জায়গায় খেলানো হল সঞ্জু স্যামসনকে? এই প্রশ্নই তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে ১৫ বছরের বিস্ময় বালককে বাইরে রাখার সিদ্ধান্তে রীতিমতো চটেছেন তিনি। এই প্রসঙ্গে টিম ম্যানেজমেন্টকে কার্যত তুলোধোনা করে প্রাক্তন নির্বাচক প্রধানের প্রশ্ন, "শেষ টি-টোয়েন্টি সিরিজে যিনি ‘প্লেয়ার অব দ্য সিরিজ’, পরের ম্যাচে তাঁকেই কেন বসিয়ে দেওয়া হল?" এ দিকে সুযোগ পেয়েও স্যামসন ব্যাট হাতে করেছেন মাত্র ১০ রান। ফলে আরও জোরালো হয়েছে শ্রীকান্তের তোলা প্রশ্ন।
প্রথম টি-টোয়েন্টিতে সূর্যবংশীকে বাদ দেওয়ার ঘটনায় নিজের স্ত্রীর প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, বৈভব খেলছেন না দেখে তাঁরা সিনেমা দেখতে শুরু করেছিলেন। কিন্তু তার পরেও বিষয়টি সহজে মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী। রীতিমতো চিৎকারের ভঙ্গিতেই তিনি নাকি প্রশ্ন তুলেছিলেন, শেষ ম্যাচে দুর্দান্ত খেলা একজন ক্রিকেটারকে কী ভাবে পরের ম্যাচেই বসিয়ে দেওয়া যায়? শ্রীকান্তের মতে, এ ভাবে কোনও তরুণ ক্রিকেটারকে বার বার দলে ঢোকানো এবং বাদ দেওয়া হলে তাঁর মধ্যেও অনিশ্চয়তা তৈরি হবে। এ বার পরের ম্যাচে সুযোগ পেলেও সূর্যবংশীর মনে প্রশ্ন জাগতে পারে। এক ম্যাচে রান না পেলেই কি আবার বাদ পড়তে হবে?
শ্রীকান্তের মতে, ১৫ বছরের বৈভবকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত। দলীপ ট্রফি, ভারত 'এ' দল থেকে শুরু করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, আইপিএল—সব মঞ্চেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই কিশোর। অতএব, তাঁর প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে নিয়মিত সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সঞ্জু স্যামসনের ক্ষেত্রেও হেড কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের নীতির সমালোচনা করেছেন শ্রীকান্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হওয়া সত্ত্বেও স্যামসন কখনও দলে ঢুকছেন, আবার কখনও বাদ পড়ছেন। এর আগে ইংল্যান্ড সফরেও সূর্যবংশীর জন্য জায়গা হারিয়েছিলেন তিনি।
শ্রীকান্তের বক্তব্য, স্যামসন এবং সূর্যবংশী, দু’জনকেই এক-দু’টি ম্যাচ খেলিয়ে ফের বসিয়ে দেওয়াটা কোনওভাবেই সঠিক পদ্ধতি হতে পারে না। কাউকে টানা কয়েকটি ম্যাচে সুযোগ দিতে হবে। যাতে তিনি নিজের জায়গা তৈরি করতে পারেন। নয়তো তরুণ সূর্যবংশীকেও পর্যাপ্ত ম্যাচ খেলতে দিতে হবে। প্রথম টি-টোয়েন্টিতে স্যামসন ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সূর্যবংশী ফেরেন কি না, এখন সেটাই দেখার। শ্রীকান্তের মন্তব্যের পর অবশ্য ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের সেই ১৫ বছরের বিস্ময় প্রতিভাই।