কলকাতা, নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। কিন্তু কোনও প্রতিভাকে দেখতে সাধারণ দর্শক থেকে প্রাক্তন ক্রিকেটার চোখ রাখছেন ঘরোয়া ক্রিকেটের ম্যাচেও, এমন ঘটনা বিরল। ১৫ বছরের বৈভব সূর্যবংশী এ বার সেই বিরল ঘটনাই ঘটিয়ে ফেলেছেন। তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে গোটা ক্রিকেট দুনিয়াকে। বিস্ময় বালকের এমনই প্রভাব যে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন, বৈভবের ব্যাটিং দেখতে তাঁর স্ত্রীও দলীপ ট্রফিতে চোখ রাখছেন। শ্রীকান্তের মতে, সঠিকভাবে তৈরি করা গেলে এই কিশোরই ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হয়ে উঠতে পারেন।
চলতি দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে খেলছেন বাঁহাতি ব্যাটার বৈভব। কোয়ার্টার ফাইনালে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে মাত্র ৮ রান করেছিলেন তিনি। তবে সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। প্রথম ইনিংসে ৯২ রানের ঝকঝকে ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪০ রান বৈভব। তাঁর ব্যাটিংয়ের ধরণ, ভয়ডরহীন শট এবং অবশ্যই দ্রুত রান তোলার ক্ষমতা নজর কেড়েছে শ্রীকান্তের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরও।
বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শ্রীকান্ত বলেন, তাঁকে সব সময় উৎসাহ দিয়ে যেতে হবে। কোনওভাবেই নিরুৎসাহ করা যাবে না। সঠিকভাবে গড়ে তুলতে পারলে অদূর ভবিষ্যতে তিনি তারকা হয়ে উঠবেন বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তাঁর কথায়, বৈভবের জন্যই সকলে ঘরোয়া দলীপ ট্রফির দিকে নজর রাখছেন। এমনকি শ্রীকান্তের স্ত্রীও দেখছেন প্রতিযোগিতাটি। শ্রীকান্তের আরও দাবি, বৈভব ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠতে পারেন এবং তিন ফরম্যাটেই শাসন করার ক্ষমতা রয়েছে তাঁর।
মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক নজির গড়েছেন বৈভব। দলীপ ট্রফিতেও একের পর এক ইতিহাস তৈরি করেছেন তিনি। ১৫ বছর ১৫৭ দিন বয়সে মাত্র ৪২ বলে অর্ধশতরান করেন এই তরুণ। সারাংশ জৈনের বলে ছক্কা মেরে পঞ্চাশ পূর্ণ করে ভেঙে দেন ৫৭ বছরের পুরনো রেকর্ড। এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দলীপ ট্রফিতে অর্ধশতরান করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন লক্ষ্মণ সিং। এ ছাড়া পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ আহত হওয়ায় সবথেকে কম বয়সে নেতৃত্ব দেওয়ারও নজির করেছেন ভারতের বিস্ময় বালক। শ্রীকান্তের চোখে তাই বৈভব শুধু ভবিষ্যতের তারকা নন। ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় মুখ হয়ে ওঠার সম্ভাবনাও তাঁর মধ্যে প্রবল।