কলকাতা, নিউজ ডেস্ক: সামনেই বাঙালির প্রাণের উৎসব। গোটা বিশ্বের বাঙালিরা জাকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবের। শেষ মুহূর্তে জোরকদমে চলছে প্রস্তুতি। কিন্ত পুজোর চারদিন বৃষ্টিতে পণ্ড হবে না তো? নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে থাকলেও তার প্রভাব এই রাজ্যের উপর নেই বলেই মনে করছেন আবহবিদরা। তাই আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বঙ্গে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।
সোমবার সকাল থেকেই তিলোত্তমা শহর কলকাতায় ঝলমলে রোদ ও পরিষ্কার আকাশ দেখা গেছে। তবে সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মিলবে। চলতি সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে। ভারী বৃষ্টি না হলেও জলীয় বাষ্প জনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই।
সপ্তাহান্তে শনি ও রবিবারও ছিটে ফোঁটা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সতর্কতা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় কার্যত স্বস্তি ফিরেছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। দুর্গাপুজোর মণ্ডপ তৈরি থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতির কাজ এখন পুরোদমে চলছে। ফলে বৃষ্টি না থাকলে সেই কাজগুলি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শান্ত থাকবে। দার্জিলিং, কালিম্পং-এ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই চলেছে। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সপ্তাহান্তে শনি এবং রবিবারও এই জেলাগুলিতেই বৃষ্টি চলবে। তারপর থেকে বৃষ্টি কমতে পারে।
বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে ময়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছে। নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা না থাকলেও, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
ঘণ্টায় বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
