কলকাতা, কেয়া মণ্ডল: রাজ্য বনদফতরের কর্মী ও আধিকারিকদের জন্য বড় ঘোষণা। বনের সুরক্ষা এবং বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাস, অর্থাৎ দুর্গাপুজোর মরশুম থেকেই নতুন বেতন ও ভাতা কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানান, ফরেস্ট গার্ডদের বেতনও পাঁচ হাজার টাকা করে বাড়বে। ভাতা বাড়ছে বনসহায়কদেরও। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, বর্তমানে কর্মরত প্রায় ৫০০ জন রেঞ্জারের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। একই ভাবে প্রায় ৫০০ জন বিট অফিসারের বেতনও আগামী অক্টোবর থেকে মাসে ৫ হাজার টাকা করে বৃদ্ধি পাবে।
শুধু রেঞ্জার বা বিট অফিসার নন, ফরেস্ট গার্ডদের জন্যও রয়েছে সুখবর। বনদফতরের প্রায় ৬৫০ জন ফরেস্ট গার্ডের মাসিক বেতনও ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে বন ও বন্যপ্রাণ রক্ষার কাজে যুক্ত এই কর্মীদের মাসিক আয় বাড়বে।
অন্যদিকে, বন সহায়কদের ভাতাতেও বড়সড় বৃদ্ধি করা হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ১,৫০০ জন বন সহায়ক বর্তমানে মাসে ১০ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন। তাঁদের ভাতা ২ হাজার টাকা বাড়িয়ে মাসে ১২ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বনদফতরের কর্মীদের একাংশের মতে, জঙ্গল পাহারা, চোরাশিকার রোধ, বন্যপ্রাণী উদ্ধার এবং বনাঞ্চল সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয় তাঁদের। বহু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কাজ করতে হয় বনকর্মীদের। তাই সেই কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
সরকারের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর মরশুম থেকেই বর্ধিত বেতন ও ভাতার সুবিধা কার্যকর হবে। অর্থাৎ অক্টোবর মাস থেকেই সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের বেতন-ভাতায় এই বৃদ্ধি কার্যকর হওয়ার কথা। বনকর্মীদের জন্য শারদীয়ার আগে এই ঘোষণাকে তাই বিশেষ উপহার হিসেবেই দেখা হচ্ছে। বেতন ও ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের বনাঞ্চল এবং বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত কর্মীদের আর্থিক সুরক্ষা আরও কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।