২১ জুলাই শহিদ স্মরণসভা থেকে কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করল প্রদেশ কংগ্রেস। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ২১ জুলাইয়ের ঘটনার কমিশনের রিপোর্ট কেন এতদিন প্রকাশ্যে আনা হয়নি, তার তদন্ত হওয়া উচিত। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘদিন ধরে সেই রিপোর্ট চেপে রেখেছিল।
সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মী-সমর্থকদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে এবং তাঁদের কলকাতায় আসতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের উদ্দেশে শুভঙ্কর বলেন, “আমাদের কর্মীদের নিরাপত্তা দিতে না পারলে নেতাদের নিরাপত্তাও দিতে হবে না। আপনারা সভার নিরাপত্তা ছেড়ে চলে যান।”
সভামঞ্চে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের প্রসঙ্গও উঠে আসে। উত্তর ২৪ পরগনার শহিদ মুরারি চক্রবর্তীর ভাই কৃষ্ণ চক্রবর্তীর একটি চিঠির কথা উল্লেখ করেন কংগ্রেস নেতারা। সেই চিঠিতে তিনি লিখেছেন, দীর্ঘ ৩৪ বছর ধরে তাঁর দাদার মৃত্যুর বিচার না হওয়ায় পরিবার হতাশ। তবে কংগ্রেসের আমন্ত্রণ পেয়ে তাঁরা আবেগাপ্লুত এবং শহিদদের ন্যায়বিচারের দাবিতে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
কংগ্রেস নেতৃত্বের দাবি, ২১ জুলাইয়ের ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং দীর্ঘদিনের বিচারহীনতার অবসান ঘটানো হোক। সভা থেকে সেই দাবিই জোরালোভাবে তুলে ধরা হয়।