নিউজ ডেস্ক: শীতের আমেজ আসতে এখনও কিছুটা দেরি, কিন্তু ফ্যাশনপ্রেমীদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। কারণ শীত মানেই শুধু গরম পোশাক নয়, বরং স্টাইলের সঙ্গে আরামদায়ক ফ্যাশনের মেলবন্ধন। শীত পড়লেই যেমন বদলায় খাবারের স্বাদ ঠিক সেরকমই বদলে যায় ফ্যাশনের স্বাদও। ঋতু বদলের সঙ্গে বদলে যায় পোশাকের ধরন, রং এবং সাজের স্টাইলও। আর ২০২৬ সালের উইন্টার ফ্যাশনে থাকছে একাধিক নতুন ট্রেন্ড। ওভারসাইজড সোয়েটার থেকে শুরু করে স্টাইলিশ লেদার জ্যাকেট, কার্ডিগান, শ্রাগ কিংবা ট্রেঞ্চ কোট—সবেতেই থাকছে নতুনত্বের ছোঁয়া। এক কথায় বলা যেতে পারে স্টাইলে ভরপুর শীতকাল।
এবারের শীতের ফ্যাশনে বিশেষ গুরুত্ব পেতে চলেছে লেয়ারিং। অর্থাৎ একাধিক পোশাক একসঙ্গে পরেও কীভাবে স্টাইলিশ লুক তৈরি করা যায়, সেটাই ফ্যাশনের অন্যতম আকর্ষণ। সাধারণ টি-শার্টের উপর জ্যাকেট কিংবা শার্টের সঙ্গে সোয়েটার—এই ধরনের কম্বিনেশন সহজেই তৈরি করতে পারে আকর্ষণীয় লুক। পাশাপাশি ঢিলেঢালা সোয়েটার, হাই-নেক টপ এবং লং কোটও হতে পারে শীতের ওয়ার্ডরোবের গুরুত্বপূর্ণ অংশ।
রঙের ক্ষেত্রেও থাকছে নানা পরীক্ষা-নিরীক্ষা। ব্রাউন, বেইজ, বারগান্ডি, অলিভ গ্রিনের মতো রঙের পাশাপাশি ক্লাসিক ব্ল্যাক ও গ্রে-র চাহিদাও থাকবে। যাঁরা একটু অন্যরকম সাজ পছন্দ করেন, তাঁরা বেছে নিতে পারেন রঙিন স্কার্ফ, উলের টুপি কিংবা স্টাইলিশ বুট। আর ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি এথনিক লুকেও শীতের ফ্যাশন হতে পারে নজরকাড়া। কুর্তির সঙ্গে লং শ্রাগ কিংবা শালের স্টাইলিশ ব্যবহার বদলে দিতে পারে সাজের ধরন।
তবে ফ্যাশন মানেই যে প্রচুর নতুন পোশাক কিনতে হবে, এমনটা নয়। পুরনো পোশাকের সঙ্গে নতুন কিছু অ্যাকসেসরিজ এবং সঠিক কম্বিনেশনেই তৈরি হতে পারে একাধিক নতুন লুক। তাই শীত পড়ার আগেই একবার দেখে নিন আপনার ওয়ার্ডরোব। ভ্যাপসা গরম আর বর্ষা পেরিয়ে শীতের ছোঁয়ায় নতুন পোশাক এক এক করে এবার জায়গা পাবে ওয়ার্ডরোবে।কোন পোশাক থাকবে, কোনটি বাদ যাবে আর কোন নতুন ট্রেন্ড জায়গা করে নেবে আপনার সংগ্রহে সেই প্রস্তুতি শুরু হোক এখন থেকেই।নতুন ট্রেন্ডে ভরে উঠবে এবার শীতের ওয়ার্ডরোব।




