কলকাতা, কেয়া মন্ডল:এবার বিরোধীদের নিশানা করে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিরোধীরা নিজেরাই নিজেদের বিরোধিতা করছে। আগে ঠিক করুক কীসের বিরোধিতা করবে, কার বিরোধিতা করবে। যারা চিরকাল নেতাজির বিরোধিতা করেছে, তাদের কাছ থেকে জ্ঞান শুনতে ভালো লাগে না।’
স্বপন দাশগুপ্তের কাজের প্রশংসা করে শঙ্কুদেব বলেন, ‘নির্বাচনের সময় স্বপন দা কথা দিয়েছিলেন, মানুষ তাঁর অফিস থেকে সরাসরি পরিষেবা পাবেন। আজ রাজ্যের অর্থমন্ত্রী নিজে এসে অফিস করছেন, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন। বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীও কাজের সময়সীমা ঘোষণা করেছেন। আমরা পরিষেবা দিতে চাই এবং পরিষেবাই দেব।’
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি প্রসঙ্গে তাঁর দাবি, ‘সেঞ্চুরিতেই সেঞ্চুরি করেছেন স্বপন দা। নির্বাচনের আগে যা বলেছিলেন, সরকার প্রায় ১০০ শতাংশ কাজ করে ফেলেছে। আগামী দিনে ১০০-কে ২০০ করতে চাই।’
অন্নপূর্ণা প্রকল্প নিয়েও তৃণমূলকে আক্রমণ করে শঙ্কুদেব বলেন, ‘অন্নপূর্ণা নিয়ে তৃণমূল নাটক শুরু করেছিল। সেই নাটক বন্ধ হয়ে গিয়েছে। আজ বাংলার মহিলারা তাঁদের প্রাপ্য টাকা পেয়ে গেছেন। মানুষ খুশি। আমরা কাজ করছি, সেটাই আমাদের লক্ষ্য।’
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করে শঙ্কুদেবের অভিযোগ, 'তৃণমূলের নেতাদের দুর্নীতি নিয়ে তিনি মুখ খুলেছিলেন। তাই তৃণমূল এসব করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এসআইআর-এর সময় জাল সুইসাইড নোট তৈরির ঘটনাও ঘটেছিল। তদন্ত হলে সবকিছু প্রকাশ্যে আসবে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শঙ্কুদেব বলেন, ‘অভিষেক কে? তিনি কি খায়, না মাথায় দেয়? রাজ্যে কী উন্নয়ন হচ্ছে, সেটা কি তিনি দেখতে পাচ্ছেন না? তিনি আগে আসুক আগে, উন্নয়ন কাকে বলে দেখুন। তাঁর যদি চোখ খারাপ হয়ে গিয়ে থাকে, আমি নিজের একটা চোখ দিতে চাই, যাতে অন্তত তিনি দেখতে পারেন রাজ্যে কীভাবে উন্নয়ন হচ্ছে।’