কলকাতা: একের পর এক বিতর্কের পর অবশেষে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। লটারি টিকিট ছিনতাই-সহ একাধিক অভিযোগের তদন্তে দীর্ঘদিন ধরেই তীর্থঙ্করের খোঁজ চলছিল বলে পুলিশ সূত্রের খবর। এই গ্রেফতারির জেরে উত্তর ২৪ পরগনার পানিহাটির রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো একটি লটারি মামলার তদন্তে তীর্থঙ্করের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। অভিযোগ, এক ব্যক্তির কোটি টাকার লটারির টিকিট জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অভিযোগপত্রে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর এবং আরও কয়েক জনের নাম ছিল। তদন্ত এগোতেই শেষ পর্যন্ত তীর্থঙ্করকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তীর্থঙ্কর সম্প্রতি পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও ছিলেন। এর আগে পরিবারতন্ত্রের অভিযোগ ঘিরে তাঁকে নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। নির্মল ঘোষের দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্তরসূরি হিসেবে তাঁকে তুলে ধরা হলেও বিরোধীরা শুরু থেকেই প্রশ্ন তুলেছিল।
অন্য দিকে, আরজি কর-কাণ্ডের তদন্তেও নির্মল ঘোষের নাম উঠে এসেছে। ওই মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। পাশাপাশি লটারি মামলায় নাম জড়ানোর পর থেকেই পিতা-পুত্র দু'জনেই কার্যত আড়ালে ছিলেন বলে রাজনৈতিক মহলের দাবি।
যদিও এই গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত নির্মল ঘোষ বা তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে পুলিশও বিস্তারিত কিছু জানাতে নারাজ। তবে তদন্তকারীদের দাবি, মামলার একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারি হতে পারে।




