নিউজ ডেস্ক: কালীপুজো ও দীপাবলিতে রাত জেগে ঠাকুর দেখা কিংবা প্রতিমা দর্শনে বেরিয়ে বাড়ি ফিরতে আর ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যাত্রীদের সুবিধা এবং অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ করল শিয়ালদহ ডিভিশন। ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যবর্তী রাতে চালানো হবে ৬ জোড়া অতিরিক্ত EMU স্পেশাল লোকাল ট্রেন। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত থেকে শুরু করে রানাঘাট, বনগাঁ ও হাসনাবাদ রুটেও মিলবে বাড়তি পরিষেবা।
শুধু অতিরিক্ত ট্রেন চালানোই নয়, জরুরি পরিস্থিতি মোকাবিলাতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল। কালীপুজোর সময় বারাসত ও নৈহাটির মতো জায়গায় দর্শনার্থীদের বিপুল ভিড় হয়। সেই কথা মাথায় রেখে শিয়ালদহ, বারাসত ও নৈহাটি স্টেশনে অতিরিক্ত লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গার্ড-সহ ট্রেন পরিচালনার কর্মীদের স্ট্যান্ডবাই রাখা হচ্ছে। প্রয়োজনে দ্রুত অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এই প্রথম তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনে বাড়তি ক্রু মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা চালু রাখাই এর মূল উদ্দেশ্য।
কোন রুটে কখন ছাড়বে স্পেশাল ট্রেন?
রেলের ঘোষণা অনুযায়ী, বিশেষ ট্রেনগুলির সময়সূচি হল
১. শিয়ালদহ-ডানকুনি স্পেশাল (03161): রাত ১১টায় ছাড়বে, পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে।
২. শিয়ালদহ-বারাসত স্পেশাল (03163): রাত ১২টা ৫০ মিনিটে ছাড়বে, পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে।
৩. বারাসত-বনগাঁ স্পেশাল (03165): রাত ১টা ৫০ মিনিটে ছাড়বে, পৌঁছবে রাত ৩টেয়।
৪. বারাসত-হাসনাবাদ স্পেশাল (03167): রাত ১টা ১০ মিনিটে ছাড়বে, পৌঁছবে রাত ২টো ৩৬ মিনিটে।
৫. শিয়ালদহ-রানাঘাট স্পেশাল (03169): রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে, পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।
৬. ব্যারাকপুর-শিয়ালদহ স্পেশাল (03171): রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে, পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।
প্রতিটি রুটেই ফিরতি ট্রেনের ব্যবস্থা থাকছে। ফিরতি ট্রেনগুলির নম্বর যথাক্রমে 03162, 03164, 03166, 03168, 03170 ও 03172। বিশেষ ট্রেনগুলি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে।
নৈহাটি স্টেশনে বিশেষ সতর্কতা
এদিকে, ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই সময় সংশ্লিষ্ট ট্রেনগুলি পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে। তাই যাত্রীদের স্টেশনের ঘোষণা শুনে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও ৮ নভেম্বর রবিবার AC EMU-সহ সমস্ত শহরতলির ট্রেন কর্মদিবসের সময়সূচি মেনে চলবে। সব মিলিয়ে কালীপুজো ও দীপাবলির ভিড় সামাল দিতে বাড়তি প্রস্তুতি শিয়ালদহ ডিভিশনের।




