সুদীপ্তা দাস: আজ ২০ আগস্ট, প্রয়াত কিংবদন্তী ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিন । ১৮৯৬ সালে ফরিদপুরে বেঙ্গল প্রেসিডেন্সিতে জন্ম প্রয়াত প্রাক্তন এই মোহনবাগান ফুটবলারের । আর প্রতি বছরই এই দিনটি পালন হয় বিশেষভাবে। এই বছরও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান গোষ্ঠ পালের মূর্তিতে মাল্য দান করেন । মূর্তির পাদদেশে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের । যেখানে উপস্তিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা । ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাট্যার্জী। ছিলেন গোষ্ঠ পালের পরিবারে লোকজন ।
চিনের প্রাচীর’ আখ্যা পাওয়া প্রয়াত কিংবদন্তী ফুটবলার গোষ্ঠ পাল ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। তিনি ব্রিটিশ আমলে ফুটবল মাঠে লড়াই করেছেন । সমসায়িক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। ভারতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও মহাত্মা গাঁধীর আন্দোলনকে সমর্থন করে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি।
জানা যাচ্ছে, কোনওদিন মোহনবাগান না ছাড়লেও, তিনি ইস্টবেঙ্গলের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। ১৯২০ সালে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠার কিছুদিন পরেই একটি প্রতিযোগিতায় লাল-হলুদ জার্সি পরে খেলেন গোষ্ঠ পাল । তিনিই ছিলেন ইস্টবেঙ্গলের প্রথম অধিনায়ক। কিন্তু সেই সময় আইএফএ-তে ইস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন না হওয়ার কারণে গোষ্ঠ পালের ইস্টবেঙ্গলের হয়ে খেলা ম্যাচটি সরকারিভাবে নথিভূক্ত হয়নি।
সূত্রের খবর, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ কলকাতায় পড়ার সময় গোষ্ঠ পালেরখেলা দেখতে যেতেন। সেই খেলা দেখে তিনি অনুপ্রাণিত হন । তিনি নিজে পদ্মশ্রীর জন্য গোষ্ঠবাবুর নাম মনোনীত করেন। যার ফলে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে পদ্মশ্রী পেয়েছিলেন গোষ্ঠ পাল।
১৯১২ থেকে ১৯৩৬ পর্যন্ত মোহনবাগানের হয়ে খেলেন গোষ্ঠ পাল। গোল করেন ৪৩ টি । ক্লাব হিসাবে প্রথম হাতে খড়ি কুমারটুলি থেকে । ১৯২৪ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপান তিনি । ছিলেন অধিনায়কও।