দিল্লির যন্তরমন্তরে সোনম ওয়াংচুকের অনশন ১৮তম দিনে পৌঁছতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দীর্ঘ অনশনের জেরে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। আদালতের কাছে তাঁর আবেদন, সোনমকে অবিলম্বে সরকারি হাসপাতালে ভর্তি করে প্রয়োজন হলে জোর করে তরল খাদ্য ও চিকিৎসা দেওয়া হোক। এই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দিল্লি হাই কোর্ট।
আইনজীবী রাকেশকুমার সাইনি হাই কোর্টে দায়ের করা আবেদনে জানিয়েছেন, দীর্ঘদিন অনশন চালিয়ে যাওয়ায় সোনম ওয়াংচুকের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারকে নির্দেশ দিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, চিকিৎসকদের তত্ত্বাবধানে তরল খাদ্য, প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন এবং অন্যান্য চিকিৎসা জোরপূর্বক দেওয়ার নির্দেশ দেওয়ারও আর্জি জানিয়েছেন। মামলাটি প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চের সামনে উত্থাপিত হয়। আদালত মামলাটি গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়ের করার অনুমতি দিয়েছে। বুধবারই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন লাদাখের সমাজসৈনিক সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে কেন্দ্রীয় সরকার সন্তোষজনক জবাব না দিলে তিনি অনশনে বসবেন। সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না আসায় ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন তিনি।
গত ১৭ দিন ধরে টানা অনশনে থাকার ফলে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। ককরোচ জনতা পার্টির অভিযোগ, তাঁর ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি, আন্দোলনের দাবিগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
এদিকে সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যন্তরমন্তরে পৌঁছেছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। সোমবার অনশনমঞ্চে উপস্থিত ছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরা সোনম এবং অন্যান্য অনশনকারীদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও, এখনও পর্যন্ত অনশন ভাঙার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি সোনম।