এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতা। দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতায় পা রাখতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী ১-লা আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত সাহিত্য ও সংস্কৃতিমহলের একাংশ। তাই অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় রয়েছেন সাহিত্যপ্রেমী মানুষজন। মৌলবাদ বিরোধী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সেক্যুলার মিশন এবং এইচআরবিএফএফ। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন সূত্র মারফত জানা গিয়েছে।
এ বিষয়ে বিখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন বলেন , '১৮ বছর ৮ মাস ১০ দিন পর কলকাতায় ফিরছি। অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কলকাতা আমার কাছে শুধু শহর নয়, আমার হারিয়ে যাওয়া ঘর। মনে হচ্ছে নির্বাসনের পর ঘরে ফিরছি।' পাশাপাশি তার নিরাপত্তা ব্যবস্থার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
প্রসঙ্গত, তসলিমা নাসরিনের আত্মজৈবনিক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’-কে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই সময় এই ঘটনাটার জন্য অশান্ত হয়েছিল কোলকাতার একাধিক এলাকা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তৎকালীন সময় রাজ্য সরকার তাসলিমা নাসরিনকে কলকাতা ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই কলকাতা ছেড়ে চলে যান তিনি। আর কখনো কলকাতায় আসেননি। দীর্ঘ এতগুলো বছর পর পুনরায় তিনি আসছেন কলকাতায়।
তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা নিছক একজন লেখিকার শহরে ফেরা নয়, বরং একজন লেখিকার স্বাধীনতা, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক পরিসরে নতুন অধ্যায়ের সূচনার প্রতীক বলেই মনে করছেন অনেকেই। তাই তার ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে সাহিত্যিক মহল।