সিন্ডিকেট চক্র চালানোর অভিযোগে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর আরও সম্পত্তির হদিস পাওয়া গেল। সূত্র জানাচ্ছে, তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। সেই তথ্য ইতিমধ্যে পেয়েছে ইডি। পুলিশ জানিয়েছে বিধাননগর পুরসভায় দেবরাজের ঘনিষ্ঠ পরিচিতদের নামে রয়েছে এই সম্পত্তিগুলি। এরকমই প্রায় ৩০টি সম্পত্তির খোঁজ পেয়েছেন ইডি অফিসাররা। এগুলির বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
রাজ্যে পালাবদলের পরে সম্পত্তির হিসাব গরমিলের অভিযোগ পেয়ে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে ছরিয়ে দেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। এমনটাই ছিল সেই অভিযোগ।
প্রসঙ্গত,দেবরাজ নিজে ছিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর। এলাকায় প্রভাবশালী বলেই পরিচিতি ছিল তার।এই দম্পতির বিরুদ্ধে আয়ের বিরুদ্ধ এবং সঙ্গতিবিহীন সম্পত্তি রাখা, গোপন করা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ আছে। এছাড়াও নির্বাচনী হলফনামায় সম্পত্তি দেখানোর অভিযোগ ওঠে অদিতির বিরুদ্ধে। তড়িঘড়ি রক্ষাকবচ চেয়ে দেবরাজ এবং অদিতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দেয় আদালত। তবে দেবরাজের আবেদন খারিজ করে কোর্ট। গত ১লা জুলাই দেবরাজকে পুরুলিয়া থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ সুত্রে খবর, দমদম,নিউ টাউন,বাগুইআটির পাশাপাশি উত্তরবঙ্গেও দেবরাজ চক্রবর্তীর সম্পত্তি রয়েছে। গতসপ্তাহেই দেবরাজের বিরুদ্ধে বারাসত আদালতে চার্জশিট জমা পড়ে। তদন্তকারীরা দাবি করছেন, সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে ‘পর্যাপ্ত তথ্যপ্রমাণ’ মিলেছে। এরই ভিত্তিতে চার্জশিট পেশ করা হয়েছে।