নিউজ ডেস্ক: আগামী ৩ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ভারত-ব্রাজিল। আর তার আগে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খুললেন সেলেকাওদের কোচ কার্লো আন্সেলোত্তি। ভারতের ফুটবল সংস্কৃতির অভাব রয়েছে বলে মনে করেন ভিনিসিয়াস জুনিয়রদের কোচ। যদিও এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি টিম ইন্ডিয়ার হেড কোচ খালিদ জামিল।
হাতে মাত্র কয়েকদিন। তারপরই শহরে মেগা ম্যাচ। মুখোমুখি ভারত-ব্রাজিল। এই ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। চলছে টিকিট বিক্রি। ব্রাজিল দল নিয়ে ইতিমধ্যে একাধিক পরিকল্পনা রাজ্যসরকারের। আর এরই মাঝে ভারতের ফুটবল নিয়ে মুখ খুললেন আন্সেলোত্তি। তাঁর মতে ভারতের ফুটবলের সংস্কৃতিই নেই। সেলেকাওদের কোচ বলেন, “ অন্যদেশ এবং সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। ভারতে খেলাটা বেশ অন্যরকম হতে চলেছে। তবে একথা তো সত্যি যে ভালো মানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নেই ভারতের। আমার মনে হয় এটা সংস্কৃতিরই সমস্যা। ভারতে আসলে ফুটবলের সংস্কৃতিটাই নেই। ওরা অন্য় খেলাধুলায় অনেক বেশি ভালো।“
যদিও এরপরই ভারতের গুনগান গেয়েছেন ব্রাজিল কোচ । আন্সেলোত্তি বলেন, “ বিশ্বের প্রতিটি দেশে ব্রাজিলের সমর্থক রয়েছে। ভারতে খেলতে যাওয়ার সুযোগ পেয়ে আমরা আপ্লুত। শুধু ভারতের কাছে নয়, আমাদের কাছেও এই ম্যাচ দারুন ম্যাচ হতে চলেছে। “ এরপরই আন্সেলোত্তির সংযোজন “বিশ্বমানের প্রতিপক্ষদের সঙ্গে খেলার ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা নেই ভারতের। কিন্তু ওরা কেমন খেলে সেটা জানা দরকার। কখনও ভারতে যাইনি। কলকাতায় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।“
এদিকে আন্সেলোত্তির মন্তব্যের কোন জবাব দিতে চাননি টিম ইন্ডিয়ার হেডকোচ খালিদ জামিল। তিনি বলেন, “ এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি শুধুমাত্র তিনটি প্রীতি ম্যাচ নিয়ে ভাবতে চাই।