অক্টোবরেই শহরে আসছে ব্রাজিল । যার ঘোষণা আগেই করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন AIFF। আর এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে ভারতীয় দল থেকে সমর্থকদের মধ্যে। পিছিয়ে নেই ব্রাজিল দলও । সেই কথা জানাতে ভুললেন না সেলেকাওরা। মঙ্গলবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই নিয়েই বড় বার্তা দিল তারা ।
মঙ্গলবার রাতে ব্রাজিল ফুটবল সংস্থা নিজেদের সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। আর সেই ছবি পোস্ট করে হিন্দিতে লেখে, “হ্যাম অ্যা রাহে হে, যার বাংলা অর্থ দাঁড়ায়, আমরা আসছি।” সেই সঙ্গে ছবি ক্যাপশন-এ লেখেন , “ভারত আমরা আসছি। প্রথমবারের মতো, ব্রাজিলীয় দল ভারতে খেলবে ।
কলকাতায় দেখা হচ্ছে।”
আসলে ভারতে খেলতে আসার জন্য ব্রাজিল দলও উৎসাহ । আর সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে বারবার ব্রাজিল ফুটবল সংস্থার পোস্টেই। আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ভিনিসিয়াস জুনিয়ররা । যেই ম্যাচ হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে । সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে সেলেকাওরা । সেই ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায়া পা দেবেন ভিনি, রাপিনহোরা।
সূত্রের খবর, ১ এবং ২ অক্টোবর কলকাতায় অনুশীলনে নামবে ভিনি জুনিয়ররা । তারপর ৩ অক্টোবর আনোয়ার আলিদের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলতে নামবে সাম্বার দেশ। জানা যাচ্ছে, কোন মাঠে অনুশীলন হবে, সেটা খতিয়ে দেখতে আগেই শহরে চলে আসবেন ব্রাজিলের টেকনিক্যাল টিম। সূত্রের খবর, ব্রাজিল কর্তারা কলকাতার সব পাঁচতারা হোটেলের ব্যবস্থা ঘুরে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন, কোন হোটেলে উঠবে ব্রাজিল দল।
সদ্য শেষ হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ । সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন । এই বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ছিল ব্রাজিল, আর্জেন্টিনা দলকে ঘিরে । নীল-সাদার দল ফাইনালে উঠলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সাম্বার দেশ । আর এই রেশ কাটতে না কাটতেই ফের সেলেকাওদের ফুটবলে মাতাতে চলেছে কলকাতা।
এদিকে সূত্রের খবর, ভারত-ব্রাজিল ম্যাচের জন্য পিছিয়ে যাচ্ছে আইএসএল টুর্নামেন্ট । জানা যাচ্ছে, ব্রাজিল-ভারত ম্যাচের পরই শুরু হবে এই টুর্নামেন্ট ।