আনন্দ পরিণত হলো আতঙ্কে। মুহূর্তে বদলে গেল সবকিছু। রথযাত্রা চলাকালীন বিদ্যুতের তারে রথের চূড়া স্পর্শ হয় বিদ্যুৎস্পৃষ্ট হন ২৫ জন। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালি এলাকার। আহতদের দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
প্রতিবছরের ন্যায় এ বছরও তেখালি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে রথ টানার সময় বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে শোভাযাত্রা এগোচ্ছিল। আনন্দ উচ্ছাসে মেতেছিল পুণ্যার্থীরা। হঠাৎ করেই রাস্তার উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতের তারে রথের চুরা স্পর্শ হয়। মুহূর্তেই লোহার কাঠামোর মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। তাতেই আহত হন একাধিক পুণ্যার্থী। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ২৫ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা ঠিক রয়েছে। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দিনভর বৃষ্টির কারণে রথের কাঠামো ভিজে থাকায় এবং বিদ্যুতের তারে জল জমে থাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। আর তাতেই এই দুর্ঘটনা ঘটেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রথের উৎসবের দিনে এই দুর্ঘটনা যা গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।