কর্মরত মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠলো উত্তর ২৪ পরগনার হাবড়া থানায়। ইতিমধ্যেই এই ঘটনায় এক প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারীনী দুজনেই হাবড়া থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। হাবড়া থানায় কর্মরত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার পোশাক বদলানোর সময় গোপনে তার ছবি তুলে রাখেন অভিযুক্ত পুরুষ সহকর্মী। পরবর্তীতে সেই ছবি প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ব্ল্যাকমেল করে অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ। আপত্তিকর ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ে দেখিয়ে জোরপূর্বক মহিলা সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন অভিযুক্ত ভলেন্টিয়ার। ঘটনার কথা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে।
দীর্ঘদিন এই অত্যাচার সহ্য করার পর অবশেষে সাহস করে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। ধর্ষণ, ভয় দেখানো ও হুমকি দেওয়া সহ একাধিক গুরুতর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে বারাসাতের পুলিশ সুপার জে মার্সি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্ত এসিফিক ভলেন্টিয়ার হাবড়া থানায় আর কর্মরত নন। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
আবারো কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাকে ঘিরে হাবরা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীনি সিভিক ভলেন্টিয়ার। আগামী দিনে এই তদন্তের মোর কোন দিকে যায় সেটাই দেখার।