তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে চলা যাবে না, এলাকায় কাটমানি খাওয়া যাবে না—এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়ি এলাকা। বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ, স্লোগানের পাশাপাশি ডিম ছোড়া এবং মারধরের অভিযোগও উঠেছে।
অভিযোগ, শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার পঞ্চারহাট বাজার সংলগ্ন এলাকায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বসাকে কেন্দ্র করে বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপর দলের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীদের একাংশ।
বিক্ষোভকারীদের অভিযোগের নিশানায় ছিলেন বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি পবিত্র অধিকারী, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, মহিলা মোর্চার সভানেত্রী বিউটি বর্মণ এবং প্রাক্তন আহ্বায়ক কনক বর্মণ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগও ওঠে। দলীয় কার্যালয়ের বাইরেও একাংশ কর্মী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বিজেপি নেতাদের পুলিশ গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে ফের ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।