নারীরা শুধুই লক্ষ্মীই হন না, দরকারে দুর্গা-কালী-চন্ডী'র তেজও ধারন করেন। তারা পরিবারের সাথে দেশের সুরক্ষাও সমভাবে দেখেন। তারা প্রমাণ দেন বীরত্বের। তারা প্রমাণ করেন নৈপুন্য। তিনি তাঁদেরই একজন। তার নাম ভাবনা কান্ত।
মহিলা ফাইটার পাইলট হিসাবে তিনিই প্রথম 'প্রেস্টিজিয়াস ফাইটার কমব্যাট লিডার' কোর্স সফলভাবে সম্পূর্ণ করলেন। গোয়ালিয়রের 'ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট' বা TACDE-এ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ভারতীয় বায়ুসেনার অন্যতম কঠিন ও মর্যাদাপূর্ণ যুদ্ধবিমান পরিচালনা শেখানো হয়। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চলে পাঁচমাস ধরে। ভারতীয় বায়ুসেনার সবথেকে কঠিন এবং উন্নত যুদ্ধ প্রশিক্ষণ। নির্বাচিত কয়েকজন ফাইটার পাইলটকেই এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পান। কোর্স শেষে তাঁরা জটিল আকাশযুদ্ধে 'মিশন-নেতৃত্ব' দেওয়ার যোগ্যতায় উত্তীর্ণ হন। এটাকেই আকাশ-অভিযানের রণকৌশল, মার্কিন বায়ুসেনার 'টপ গান'-র সমতুল্য আখ্যা দেওয়া হয়।
TACDE-কে ভারতীয় বায়ুসেনার সেরা অপারেশনাল এয়ার কমব্যাট ট্রেনিং সেন্টার হিসেবে মান্য করা হয়।এখানকার প্রশিক্ষক হিসেবে থাকেন বায়ুসেনার সবচেয়ে অভিজ্ঞ ফাইটার পাইলট ও এয়ার কমব্যাট কন্ট্রোলাররা।এই জন্যেই এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্তি সবথেকে বড় সম্মানের বিষয়। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত দ্বারভাঙা,বিহারের বাসিন্দা। ভাবনা কান্ত ইঞ্জিনিয়ারিং স্নাতক। ২০১৬ সালের জুন মাসে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দেন। ২০১৯ সালে 'প্রথম ভারতীয় মহিলা' হিসাবে 'দিনের বেলায় (ডে-টাইম) ফাইটার কমব্যাট মিশন পরিচালনা'র ছাড়পত্র পান। এটাই গড়ে দেয় ইতিহাস!




