দত্তপুকুর থানার তালধারিয়া ঘোষপাড়া এলাকায় গেঞ্জি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃতের নাম সঞ্জয় সামন্ত (৫৫)। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় গেঞ্জির কাপড়ে কালার পেস্ট করার কাজ হয়। সেই কাজে বয়লারের মাধ্যমে গরম জলের স্টিম তৈরি করে মেশিনারি সিস্টেম চালানো হত। প্রাথমিকভাবে প্রশাসনের অনুমান,অতিরিক্ত স্টিম তৈরি হয়ে যাওয়ার ফলেই বয়লারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্তে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL)-র দলকে ডাকা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং কারখানায় নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না,তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পাশাপাশি,কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ধরনের কারখানায় নানা কাজকর্ম নিয়ে প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। লোকালয়ের মধ্যে এই ধরনের কারখানা চালানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয়দের দাবি,বসতিপূর্ণ এলাকায় এমন কারখানা পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে বয়লার বিস্ফোরণ হল, কারখানায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এবং ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না,তা তদন্ত করে দেখছে প্রশাসন।