দুই বন্ধুর মধ্যে সামান্য বচসা আর তার থেকেই হাড় হিম করা পরিণতি। অকালে ঝরে গেলো একটি প্রাণ। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল। বয়স ২৮ বছর। ঘটনাটি বর্ধমান থানার অন্তর্গত নীলপুর বটতলা এলাকার।
ঘটনার সূত্রপাত হয় মোটরসাইকেল সরানোকে কেন্দ্র করে। বর্ধমানের নীলপুর বটতলা এলাকায় তুফান ক্ষেত্রপাল নামে এক ব্যক্তির মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজেই বিগত বেশ কিছুদিন আগে একটি বাইক সারাতে দেন মানিক পোড়েল। তিনি তুফান ক্ষেত্রফলের বন্ধু। বিগত বেশ কিছুদিন কেটে গেলেও বাইকটি সারিয়ে দেননি তুফান বাবু। আর সেই কারণেই সোমবার দুই বন্ধুর মধ্যে বচসা হয়। পরিবারের সদস্যদের হস্তক্ষেপে তা মিটমাট হয়ে যায়। কথা ছিল মঙ্গলবার মোটর সাইকেল সার্ভিসিং করে ফেরত দেবেন তুফান। এমনকি মানিক পোড়েল তুফান ক্ষেত্রপালের পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। কিন্তু গোটা রাত যখন তুফান বাবু বাড়ি ফেরেননি তখনই উদ্বেগ বাড়ে পরিবারের। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে তুফানের পরিবারের লোক জানতে পারে তেলিপুকুর এলাকায় পড়ে আছে তুফানের মৃতদেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত নিখোঁজ এক অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে।
তুফানের পরিবারের অভিযোগ হাত-পা বেঁধে মারধর করা হয়েছে তুফানকে। এমনকি জলেও ডোবানো হয়েছিল তাকে। এই ঘটনার সঙ্গে মানিক পোড়েল, তার বন্ধু সুজয় সহ জড়িত সকলের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন মৃতের পরিবার। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।