শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত জল খাওয়া অত্যন্ত জরুরি। কিডনি ভালো রাখতে বেশি করে জল খেতে বলা হয়। কিন্তু সেই পরিমাণটা ঠিক কত? অনেকেই মনে করেন, যত বেশি জল পান করা যাবে, ততই কিডনি ভালো থাকবে। কিন্তু এই ধারণা সব সময় সঠিক নয়। শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল পান করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।
বিশেষজ্ঞের কথায়, সুস্থ কিডনি শরীরের অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। কিন্তু অকারণে অতিরিক্ত জল পান করলে কিডনির উপর অযথা চাপ পড়তে পারে। এমনকি রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়ে হাইপোন্যাট্রেমিয়া-র মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে, যার ফলে মাথা ঘোরা, বমিভাব, বিভ্রান্তি, খিঁচুনি পর্যন্ত হতে পারে।
প্রতিদিন ঠিক কতটা জল পান করা উচিত, তা নির্ভর করে ব্যক্তির বয়স, ওজন, আবহাওয়া, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যগত অবস্থার উপর। তাই সবার জন্য নির্দিষ্ট পরিমাণ জল খাওয়ার কোনও একটাই নিয়ম নেই। তৃষ্ণা লাগলে জল পান করা এবং প্রস্রাবের রং হালকা হলুদ রয়েছে কি না, সেদিকে নজর রাখাই ভালো।
যাঁদের কিডনির রোগ, হার্টের সমস্যা বা অন্য কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে জল পানের পরিমাণ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, শরীরকে হাইড্রেটেড রাখা যেমন জরুরি, তেমনই অতিরিক্ত জল পান করাও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।