কলকাতা, নিউজ ডেস্ক: এক কামড় চপ, সঙ্গে গরম চা। কিংবা মুচমুচে কাটলেটের কামড়ে জমে ওঠে দুপুরের আড্ডা। এই স্বাদের টানে বছরের পর বছর ডেকার্স লেনে আসেন ভোজনপ্রিয়রা। কারও কাছে এই রাস্তার খাবার পুরনো দিনের স্মৃতি, আবার কারও কাছে রোজকার ভালোবাসা ও ভরসা। কিন্তু, শনিবার সেই চেনা খাবারের দোকানগুলির অন্দরমহলে উঁকি দিতে সামনে এল এক অন্যরকম ছবি। আর তারপরেই ক্রেতাদের মনে আসে নানা প্রশ্ন।
কলকাতার অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা ডেকার্স লেনে শনিবার অভিযান চালালো রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর। এলাকার একাধিক খাবারের দোকানে গিয়ে খাবারের গুণমান, রান্নায় ব্যবহৃত উপকরণ, খাদ্য তৈরীর পদ্ধতি এবং খাদ্য সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখেন আধিকারিকরা।
চপ কাটলেট এবং মিষ্টির জন্য ডেকার্স লেনের এক আলাদাই পরিচিতি রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে বহু পুরনো ও জনপ্রিয় ভাতের হোটেল। ফলে, প্রতিদিনই এই এলাকায় খাবারের জন্য ভিড় করে দূরদূরান্ত থেকে আসা ভোজনরসিক মানুষ। সেই দোকানগুলিতেই শনিবার খাদ্য সুরক্ষা দফতরের নজরদারি দেখা যায়।
অভিযানে ডেকার্স লেনের একটি নামিদামি ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের গুদামে গিয়ে আধিকারিকরা দেখতে পান গামলা ভর্তি রাখা সন্দেশে সাদা কালো ছত্রাক পড়ে রয়েছে। পরিস্থিতি দেখে সেগুলি আর বিক্রি না করে সঙ্গে সঙ্গেই নষ্ট করে দেওয়া হয়। গামলা ভর্তি নষ্ট মিষ্টি ডাস্টবিনে ফেলে দেন আধিকারিকরা। শুধু মিষ্টির দোকান নয় এখানে জনপ্রিয় চপ কাটলেটের দোকানেও নজর দেন স্বাস্থ্য সুরক্ষা দফতর। চপ ও কাটলেট তৈরিতে ব্যবহৃত তেল ও মসলার গুণমান পরীক্ষাগারে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
এদিন, অভিযানের সময় দোকানগুলিতে বেশ কয়েকজন ক্রেতাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বেশ কিছু প্রবীণ মানুষও। দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে কয়েকজন জানান প্রায় চার দশক ধরে ডেকার্স লেনের বিভিন্ন দোকানে তাঁরা খাবার খেয়ে আসছেন। এত বছর ধরে খাবার খাওয়ার পরও কোনদিনও অসুস্থ হওয়ার অভিজ্ঞতা হয়নি বলে জানান তাঁরা।
তবে, পুরনো ঐতিহ্য এবং স্বাদের পাশাপাশি খাবারের গুণমান নিয়েও নিয়মিত নজরদারি জরুরী বলে মনে করেছেন ক্রেতারাও। তাঁদের বক্তব্য, দোকান যতই জনপ্রিয় হোক খাবারের গুণমান এবং রান্নাঘরের পরিচ্ছন্নতার দিকে নিয়মিত নজর দেওয়া প্রয়োজন। তবেই দোকানের প্রতি মানুষের আস্থা বজায় থাকবে।
রাজ্যজুড়ে চলা এই রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের খাদ্য সুরক্ষা অভিযানে একের পর এক খাবারের দোকানের অন্দরমহলের একই ছবি উঠে আসছে। ফলে, সাধারণ ক্রেতাদের মনে নিরাপত্তা ঘিরে একাধিক প্রশ্ন সৃষ্টি হচ্ছে। ডেকার্স লেনের পুরনো স্বাদ নিয়ে আপত্তি নেই ক্রেতাদের। তাঁদের শুধু একটাই দাবি, খাবারের স্বাদের পাশাপাশি গুণমান যেন বজায় থাকে। তাই, জনপ্রিয়তার পাশাপাশি খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করাই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য।