কেশপুরের সভা মঞ্চ থেকে একদিকে ক্ষুদিরাম বসুর স্মৃতিকে নিয়ে বড় ঘোষণা অন্যদিকে পুরনো রাজনৈতিক মামলা নিয়ে কড়া বার্তা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুরের মোহবনিতে গিয়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে পুরনো মামলা খুঁজে বার করার নির্দেশ দিলেন।
এই দিন, ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে তার জন্মভিটাতে শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী। এখানেই কেশপুরে অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'নরেন্দ্র মোদি জিন্দাবাদ' বলার কারণে বহু বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় জেলে যেতে হয়েছিল। তিনি এও দাবি করেন ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়েও তাকে সেখানে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন সেই মামলাগুলি খুঁজে বের করার জন্য। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এসপি-কে বলে গেলাম এখানে অনেকে অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য। সমস্ত মামলা প্রত্যাহার করবেন। আমি কিছুই ভুলিনি, কিচ্ছু না'।
এর পাশাপাশি, ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে মোহবনির উন্নয়নের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে ক্ষুদিরামের স্মৃতিতে গ্যালারি, লেজার সো এবং অতিথি আবাস তৈরীর পরিকল্পনা রয়েছে বলে জানান। তিনি এও বলেন এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে তার আলোচনা হয়েছে। অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর মতে ক্ষুদিরাম বসুর মত বিপ্লবীর ইতিহাস আরো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। একই মঞ্চ থেকে উন্নয়ন এবং পুরনো রাজনৈতিক ইস্যু- দুই বিষয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এই দিনের মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা এলাকায় একেবারে উৎসবের চেহারা নিয়েছিল। বিজেপি নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। এছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।