নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সামনে এল আরও এক উদ্বেগজনক ছবি। প্রবল বৃষ্টির জেরে হড়পাবান ও নদীর জলস্ফিতিতে একের পর এক এলাকা বিপর্যস্ত। ঘরবাড়ি, রাস্তা ,সেতু ইত্যাদি ভেসে যাওয়ার পাশাপাশি নদীর স্রোতে ভেসে আসছে নানা সামগ্রী। তারইমধ্যে, এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডার কুড়োতে প্রাণের ঝুঁকি নিয়ে নদী ও কাদাজলে নামছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই দৃশ্যের একাধিক ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, প্রবল স্রোতের মধ্যেই কোমরসমান কাদাজলে নেমে ভাসতে থাকা সিলিন্ডার টেনে তোলার চেষ্টা করছেন কয়েকজন। কোথাও আবার ধ্বংসস্তুপের মধ্য থেকে সিলিন্ডার সংগ্রহ করতে দেখা যাচ্ছে মানুষকে। পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে সামান্য অসাবধান হলেই স্রোতের টানে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নেপালের চিতওয়ান জেলাতেও এমনই একটি ঘটনা সামনে এসেছে। নারায়নী নদীতে ভেসে আসা একটি সিলিন্ডার নিজেদের বলে দাবি করে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। পরে, তা হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।
এই ছবি দেখে সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই, প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে নদীতে নামার সমালোচনা করেছেন। তবে, নেটিজেনদের একাংশের বক্তব্য, ভয়াবহ বন্যায় প্রয়োজনীয় সামগ্রী ও ঘরবাড়ি হারিয়ে মানুষ চরম অসহায় অবস্থায় পড়েছেন। সেই পরিস্থিতিতেই রান্নার গ্যাসের মত প্রয়োজনীয় জিনিস পাওয়ার আশায় তাঁরা এমন ঝুঁকি নিচ্ছেন। তবে, এর পিছনে রয়েছে নেপালের LPG সংকটও। গত কয়েক সপ্তাহ ধরেই রান্নার গ্যাসের জোগান নিয়ে সমস্যা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘক্ষন লাইনে দাঁড়াতে হচ্ছে। বন্যার ধাক্কায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
তবে, প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হচ্ছে, নদীর স্রোত ও জলস্তর অত্যন্ত বিপজ্জনক। ভেসে আসা সিলিন্ডার বা অন্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে নদীর কাছে না যাওয়ার আবেদন জানানো হয়েছে। বিপর্যয়ের মুহূর্তে একটি সিলিন্ডারের জন্য জীবন বাজি রাখার এই ছবি তাই নতুন করে প্রশ্ন তুলেছে, বাঁচার জন্য মানুষ কি মৃত্যুর ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন?