তারাতলার ঘটনা শিক্ষা দিয়েছে কলকাতা'সহ পার্শ্ববর্তী একাধিক পুরসভার বিল্ডিংয়ের কাজের গাফিলতির। আর তাই এধরনের নির্মাণ বন্ধ করতে অডিটের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের পুর দফতর।সেই ফলাফল ঘোষণা হল আজ। ফলাফল ঘোষণার স্থান ছিল সল্টলেক IGLUS ভবন। কতগুলি বিল্ডিং এর নির্মাণক্ষেত্রে কত পরিমাণ এবং কি কি বিচ্যুতি রয়েছে সেগুলোই আজ প্রকাশ্যে এল। সৌজন্যে রাজ্যের নগরোন্নয়ন ও পুর দফতর । সেখানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক নির্মীয়মান সংস্থার প্রতিনিধি এবং ডেভেলপাররা।
এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, ‘যারা যারা আজ এসেছেন যে ২৭ জন তাদের ব্ল্যাক লিস্ট করা হবে। তাদেরকে কোনও ভাবেই ছাড়া হবে না। ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে! ভাবেননি, বিজেপি সরকার চলে আসবে, বেআইনি নির্মাণ বন্ধ হয়ে যাবে। পুরসভার ইঞ্জিনিয়াররা কেন কোনও কাজ করছেন না? কী করেন কাজ না করে? অসুবিধা হলে চলে যান অন্য কোথাও ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিন। কে অধিকার দিয়েছে মানুষের জীবন নিয়ে খেলার। নাকি টাকা খেয়েছেন? প্ল্যান পাশ করালেন কীভাবে ইঞ্জিনিয়ার? আজ আর্জি জানাবো বাংলার মানুষের কাছে কেউ যেন আপনাদের থেকে ফ্ল্যাট না কেনে।’
শুধু এটুকুই তিনি থেমে যাননি। তার আরও সংযোজন, ‘২৭ বেআইনি বিল্ডিং-এর বিল্ডার, ইঞ্জিনিয়ারদের মধ্যে, সেনশন যারা দিয়েছেন তাদের ডাকা হয়েছে । তারা সাধারণ মানুষের সকলের সামনে বলুন কেন এমন করলেন। যে ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয়েছিল তাদেরকে ডাকা হয়েছে। সকলের সামনে এটা করা হচ্ছে কারণ এতে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের।’
দিন বদলাবে কী তবে?