কলকাতা, পিউ নন্দী: এবার যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল উবের। অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট ! নিত্য যাত্রী ও ভ্রমণপিপাসুদের যাতায়াতের ঝামেলা কমাতে বড়সড় পদক্ষেপ নিল অনলাইন ক্যাব বুকিং প্ল্যাটফর্ম উবের।এবার ক্যাবের পাশাপাশি একই প্ল্যাটফর্মে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সুবিধাও যুক্ত করল সংস্থাটি। ফলে ঘর থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছানোর জন্য ট্যাক্সি বুকিং থেকে শুরু করে ট্রেনের সফর সবই হবে একটি অ্যাপে।
ভারতে নিজেদের পরিষেবার পরিধি বাড়াতে জনপ্রিয় ট্র্যাভেল পোর্টাল ইক্সিগো-র সঙ্গে যৌথভাবে এই নতুন পরিষেবা চালু করেছে উবের। এর ফলে ব্যবহারকারীরা উবের অ্যাপ থেকেই নিয়মিত কিংবা তৎকাল টিকিট কাটতে পারবেন এবং পছন্দ মতো আসন নির্বাচন করতে পারবেন। এর পাশাপাশি সরাসরি লাইভ পিএনআর স্ট্যাটাস চেক করা এবং সফরকালীন খাবার অর্ডারের মতো জরুরি সুবিধাও মিলবে এই প্ল্যাটফর্মে।
উবের কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেলে যাত্রী সংখ্যা ও বাজারের অভাবনীয় বৃদ্ধির কথা মাথায় রেখেই এই ‘ওয়ান-স্টপ সলিউশন’ আনা হয়েছে। সংস্থাকে একটি পূর্ণাঙ্গ ‘অল-ইন-ওয়ান মোবিলিটি প্ল্যাটফর্ম’ হিসেবে গড়ে তুলতে এর আগেই তারা আন্তঃনগর বাস পরিষেবা এনেছিল এবং বিভিন্ন বড় স্টেশনে তৈরি করেছে নির্দিষ্ট পিক-আপ ও ড্রপ-অফ জোন।
এই পরিষেবা ব্যবহারের প্রক্রিয়াটিও রাখা হয়েছে অত্যন্ত সহজ। ব্যবহারকারীদের স্মার্টফোনে উবের অ্যাপ খুলে ‘সার্ভিসেস’ বিকল্পের অধীনে থাকা ‘বাস অ্যান্ড ট্রেন’ সেকশনে গিয়ে ‘ট্রেন টিকিটস’ বেছে নিতে হবে। এরপর যাত্রার তারিখ ও গন্তব্য নির্ধারণ করে ট্রেন এবং আসন নির্বাচন করতে হবে। সবশেষে যাত্রীদের ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করলেই টিকিট বুকিং কনফার্ম হয়ে যাবে।