রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি নবান্নের তরফ থেকে জারি করা এক নির্দেশিকায় মোট ৩৩ জন 'আইপিএস' এবং 'ডাব্লুবিপিএস' পদমর্যাদার কর্মকর্তার কর্মক্ষেত্র ও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। রাজ্য 'সিআইডি', 'এসটিএফ' থেকে শুরু করে একাধিক জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারেটের শীর্ষস্তরে এই বদল আনা হয়েছে।
কারেকশনাল সার্ভিসেসের ডিজি নটরাজন রমেশ বাবুকে নতুন ডিজি ও 'আইজিপি সিআইডি' করা হয়েছে। পাশাপাশি তিনি পূর্বতন পদের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। অন্যদিকে, সিআইডি-র এডিজি সুপ্রতিম সরকারকে 'এডিজি টেলিকমিউনিকেশনস' পদে বদলি করা হয়েছে।
উত্তরবঙ্গ রিজিয়নের এডিজি কে. জয়রামনকে পাঠানো হয়েছে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেসে। বিধাননগরের বর্তমান কমিশনার ত্রিপুরারি অথর্বকে এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় বিধাননগরের নতুন 'পুলিশ কমিশনার' হচ্ছেন অমিতকুমার ভরত রাঠোর।
আনন্দ কুমারকে এডিজি (লিগ্যাল) থেকে এডিজি ওয়েস্টার্ন জোন করা হয়েছে। এই জোনের বিদায়ী এডিজি বিশাল গর্গকে পাঠানো হয়েছে আইবি-তে।
আইজিপি (STF) প্রবীণ কুমার ত্রিপাঠীকে হোম গার্ডের আইজি করা হয়েছে। অন্যদিকে, সিআইএফ-এর আইজিপি সুধীর কুমার নীলকন্তমকে এসটিএফ-এর নতুন আইজি করা হয়েছে। সুকেশ কুমার জৈন হয়েছেন উত্তরবঙ্গ রিজিয়নের নতুন আইজিপি। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (প্রশাসন) ভি.এস.আর. অনন্তনাগকে কলকাতা পুলিশ এসটিএফ-এর যুগ্ম সিপি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এসটিএফ-এর বিদায়ী যুগ্ম সিপি দীনেশ কুমারকে বারাসাত রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
প্রদীপ কুমার যাদবকে ডিসি সাইবার, অরিন্দম সরকারকে ডিসি ইস্ট ডিভিশন এবং রাজীব কুমারকে ডিসি এসটিএফ করা হয়েছে। বিদায়ী ডিসি সাইবার স্পর্শ নিলাঙ্গীকে ডিসি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের নতুন এসপি হয়েছেন ইয়েলওয়াড শ্রীকান্ত জগন্নাথরাও এবং কোচবিহারের দায়িত্ব পেয়েছেন মণীশ জোশী। দার্জিলিংয়ের বিদায়ী এসপি প্রতীক্ষা ঝাড়খারিয়াকে কলকাতা পুলিশের ১ম ব্যাটালিয়নের ডিসি করা হয়েছে। এছাড়া, বিশপ সরকারকে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। হাওড়া উত্তরের ডিসি পদে অম্লান কুসুম ঘোষকে বহাল রাখা হয়েছে।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) পিনাকী দত্তকে সেখানকারই 'অতিরিক্ত পুলিশ সুপার' করা হয়েছে। সৌমিক সেনগুপ্তকে বারুইপুর 'ডিআইবি' থেকে 'অতিরিক্ত পুলিশ সুপার' পদে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বারুইপুরের নতুন 'অতিরিক্ত পুলিশ সুপার (জ়োনাল)' হিসেবে দায়িত্ব নিচ্ছেন।