কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর ক'দিন মন ভরে খাওয়া দাওয়া করা, এটা সকল বাঙালিরই একান্ত ইচ্ছে। পুজো মানেই পেট পুজোর ক্ষেত্রে নিরামিষের পাশাপাশি আমিষ পদেরও ছড়াছড়ি! এই আমিষ নিয়ে যে যাই বলুক না কেন, খাওয়াতো হবেই। আর তাই ,পুজোর নবমীতে বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের এই বিশেষ পদ।
উপকরণ কী লাগবে?
পাঁঠার মাংস(৫০০ গ্রাম),টক দই(২৫০ গ্রাম), আদা বাটা (১৫০ গ্রাম)পোস্ত বাটা (৫০ গ্রাম) কাঁচালঙ্কা বাটা(১০০ গ্রাম) দুধ(৫০০ গ্রাম) নারকোল বাটা(১৫০ গ্রাম) হিং (১/২ চা চামচ) গরম মসলা(৩০ গ্রাম), নুন (মাপমতো) চিনি( স্বাদমতো),সাদা তিল এবং বাদাম বাটা(১০০ গ্রাম), পেঁয়াজ বাটা(২৫০ গ্রাম), পেঁয়াজ বেরেস্তা (৩৫০ গ্রাম), শুকনো লঙ্কা(২/৩টে ),(তেজপাতা২টো ),জোয়ান এবং মৌরি গুঁড়ো (২০ গ্রাম,ভেজে গুঁড়িয়ে নেওয়া),ঘি (১ ১/২ চামচ)
কী ভাবে রাঁধবেন?
১)প্রথমে পাঁঠার মাংসের ভালো করে দই মাখিয়ে নিন। এরপর পেঁয়াজ বাটা নারকেল বাটা, স্বাদমতো নুন,চিনি এবং পোস্তবাটা মাখান। ম্যারিনেশন এর জন্য এক থেকে দেড় ঘন্টা রেখে দিন।
২) শুকনো কড়াইতে শুকনো লঙ্কা জোয়ান মৌরি এবং কিছুটা সাদা তিল ও গরম মসলা ভেজে নিন। মসলাগুলো গুঁড়ো করে নিন।
৩) ম্যারিনেট করা মাংসগুলো উপর থেকে দুধ ঢেলে রাখুন। এরপর দুধসহ ম্যারিনেট মাংসগুলোকে প্রেসার কুকারে ঘি,তেজপাতা দিয়ে সেদ্ধ করতে দিন।
৪) পাঁচ ছটা সিটির পর মাংস সেদ্ধ হয়ে এলে প্রেসার কুকার খুলে মাংসটা আলাদা পাত্রে রাখুন। এরপর ওই মাংসের উপরে ভাজা মসলাটা ছড়িয়ে দিন।
৫) কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে লঙ্কাবাটা,পেঁয়াজবাটা ,পেঁয়াজ বেরেস্তা, হিং এবং বাকি গুঁড়ো মসলাটুকু দিয়ে ভালো করে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে, সেদ্ধ করা মাংসটা দুধ মেশানো রস রস থেকে তুলে কষানো মশলাটায় দিন।
৬)মাংসটা কষানো মসলায় দিয়ে অন্ততপক্ষে ৮ থেকে ১০ মিনিট ভালো করে নেড়েচেড়ে নিন। এর ওপর দুধ মেশানো রস ছড়াতে থাকুন।
৭) মাংসটার রং লালচে হয়ে গেলে ঘি ছড়িয়ে দিন।
পুরোপুরি তৈরি হয়ে গেলে,মাংসটাকে তুলে আরেকবার প্রেসার কুকারে রেখে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
৮) সামান্য জল গরম করে ওপরে অল্প অল্প ছড়িয়ে দিন। স্বাদমতো চিনি যোগ করতে পারেন।
দুর্গাপূজার নবমীতে তৈরি হওয়া স্পেশাল ডিস,'পাঁঠার খাস মরিচ' গরম গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেয়ে দেখুন। অপূর্ব লাগবে!