নিউজ ডেস্ক: রোবোটিক্স মানেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝি বাইরের কোন প্রযুক্তি কিন্তু এবার তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্সের দুনিয়ায় ভারতের অগ্রগতিতে যুক্ত হল আরও এক নতুন পালক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ এক চাকাযুক্ত চারপেয়ে রোবট বাজারে আনল বেঙ্গালুরুর ডিপ-টেক স্টার্টআপ ‘এক্সটেরা রোবোটিক্স’। সংস্থাটির তৈরি এই রোবটটির নাম দেওয়া হয়েছে ‘ধাভ-হাই’। মূলত বিভিন্ন বিপজ্জনক ও জটিল শিল্পক্ষেত্রে নিয়মিত নজরদারি এবং সমীক্ষা চালানোর উদ্দেশ্যেই এই অত্যাধুনিক যন্ত্রটি তৈরি করা হয়েছে।
প্রচলিত চারপেয়ে রোবট সাধারণত শুধু হেঁটে চলাফেরা করতে পারে, কিন্তু ‘ধাভ-হাই’-এর পায়ে যুক্ত করা হয়েছে বিশেষ ধরনের চাকা। ফলে এটি একদিকে যেমন অসমতল ও রুক্ষ জমিতে ভারসাম্য বজায় রেখে পা ফেলে এগোতে পারে, তেমনই সমতল জায়গায় চাকার সাহায্যে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলতে সক্ষম।
দেখুন: https://x.com/Krish_nvm_Raw/status/2101544853863567628?s=20
এই হাইব্রিড প্রযুক্তির কারণে রোবটটির গতি ও কার্যক্ষমতা অনেকটাই বেড়ে গিয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রতিকূল পরিবেশেও এটি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ৫ মিটার গতিতে ছুটতে পারে। এর পাশাপাশি যেকোনো ধরনের ভৌগোলিক পরিবেশেই প্রায় ১০ কেজি পর্যন্ত ওজন বা পেলোড বহন করার ক্ষমতা রয়েছে এই যন্ত্রটির।
জানা গেছে, বিগত তিন মাস ধরে নিবিড় গবেষণা ও পরীক্ষামূলক ধাপ পেরিয়ে এই চাকাযুক্ত সংস্করণটি চূড়ান্ত রূপ পেয়েছে। দেশের মাটিতেই নকশা তৈরি থেকে শুরু করে এর যাবতীয় হার্ডওয়্যার ও সফ্টওয়্যার তৈরি করেছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা।
ইতিমধ্যেই বিভিন্ন কলকারখানা ও উৎপাদন শিল্পে পরীক্ষামূলকভাবে এই রোবটটি নামিয়েছে নির্মাতা সংস্থা। বিশেষ করে ভারী শিল্পাঞ্চল, রিফাইনারি কিংবা বিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গায় যেখানে মানুষের সরাসরি পৌঁছানো ঝুঁকিপূর্ণ, সেখানে স্বয়ংক্রিয়ভাবে ঘুরে ঘুরে যন্ত্রপাতির ত্রুটি বা নিরাপত্তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ‘ধাভ-হাই’।
শিল্প বিশেষজ্ঞদের মতে, ভারতের নিজস্ব উদ্যোগে তৈরি এমন চটপটে ও বহুমুখী রোবট আগামী দিনে দেশীয় শিল্পক্ষেত্রকে স্বনির্ভর করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভারতীয় প্রযুক্তির গ্রহণযোগ্যতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।