মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে পড়ল চারতলা একটি বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১১ জন আটকে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উদ্ধার হয়েছে অন্তত ৮টি দেহ। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভিওয়ান্ডির বালাজি নগর, গঙ্গারামওয়াড়ার কোহিনুর বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেড।
ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেডের ফায়ার অফিসার নীতিন চাভানের দাবি, স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বাড়ির ৬ জন বাসিন্দা এবং মেরামতির কাজে যুক্ত ৫ জন শ্রমিক নিখোঁজ ছিলেন। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮টি দেহ উদ্ধার করা হয়েছে। আরও দেহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। উদ্ধার হওয়া দেহগুলি IGM হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফায়ার ব্রিগেড সূত্রে জানা গিয়েছে, চারতলা কোহিনুর বিল্ডিংটিকে আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল ভিওয়ান্ডি-নিজামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (BNMC)। বাড়িটি বসবাসের জন্য নিরাপদ নয় বলে ঘোষণা করা সত্ত্বেও সেখানে মেরামতির কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই বাড়িটির একাংশ ভেঙে পড়ে।
জানা গিয়েছে, চারতলা ওই বাড়িতে মোট ৪৮টি ঘর ছিল। প্রতি তলায় ছিল ১২টি করে ঘর। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের আধিকারিকরা।