নিউজ ডেস্ক: সেলুনের চেয়ারে গা এলিয়ে চোখ বুজে ম্যাসাজ নেওয়ার দৃশ্য মানুষের ক্ষেত্রে নিত্যদিনের হলেও, যদি না সেই চেয়ারে বসা গ্রাহকটির একটি লম্বা লেজ থাকত!
হ্যাঁ, ঠিকই শুনেছেন। কোনো রূপকথার গল্প বা অ্যানিমেশন ছবি নয় সরাসরি সেলুনের ভেতরে ঢুকে মানুষের মতো আয়েশি ভঙ্গিমায় বসে দিব্যি ম্যাসাজ নিচ্ছে এক বানর। আর সেই বানর যদি হাত নেড়ে, মাথা ঘুরিয়ে রীতিমতো নাপিতকে নির্দেশ দিয়ে নিজের পছন্দমতো ম্যাসাজ করিয়ে নেয়, তবে তা রূপকথাকেও হার মানায়,তাই না ?
শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে ? অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনই তাজ্জব কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।
দেখুন: https://x.com/Ramraajya/status/2101309988023242923?s=20
ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ এক সেলুনের কাচের সামনে পাতা গদিআঁটা চেয়ারে অত্যন্ত শান্ত ও গম্ভীর ভঙ্গিমায় বসে রয়েছে একটি বানর। তার হাবভাব দেখে বোঝার উপায় নেই যে সে বনের বাসিন্দা,মনে হচ্ছে সেলুনের নিয়মিত কোনো ‘ভিআইপি’ খদ্দের। কোনো ভয়ডর বা ছটফটানি নেই, নেই কোনো অচেনা পরিবেশের অস্বস্তি। নাপিত যখন তার মাথায় ও মুখে আলতো হাতে মালিশ করছেন, বানরটি তখন চোখ আধবোঁজা করে পরম তৃপ্তিতে সেই সেবা উপভোগ করছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বানরটির বুদ্ধিমত্তা ও নির্দেশ দেওয়ার ধরন। ঠিক যে অংশে আরও আরামের প্রয়োজন, বানরটি নিজের হাত তুলে নাপিতের হাত সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। কখনো ঘাড় এলিয়ে দিচ্ছে পেছনের দিকে, কখনো আবার মুখ ফিরিয়ে নাপিতের দিকে তাকিয়ে বুঝিয়ে দিচ্ছে পরবর্তী ধাপ কী হওয়া উচিত। যেন সে স্পষ্ট নির্দেশ দিচ্ছে ‘এখানটায় আরেকটু ভালো করে ঘষে দাও!’
ক্ষৌরকারও কোনো ভয় বা বিরক্তি ছাড়াই অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে সেই অদ্ভূত গ্রাহকের আবদার মিটিয়ে চলেছেন। আশপাশের মানুষজন এমন দৃশ্য দেখে বিস্ময়ে থমকে যান সকলে,কেউ কেউ আবার মোবাইল বন্দি করেন সেই বিরল মুহূর্ত।
সাধারণত খাবার বা ফলের লোভে এরা মানুষের কাছাকাছি এলেও, সেলুনের বিলাসী আয়েশ ভোগ করতে কোনো বন্যপ্রাণীর এভাবে ধরা দেওয়ার নজির সত্যিই মেলা ভার। নেটদুনিয়ায় ভিডিওটি পোস্ট হতেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।