নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিজেপি ও কংগ্রেসের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ভোট চুরির অভিযোগে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এ বার সরাসরি সংসদে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কটাক্ষ, ২০১৪, ২০১৯ কিংবা ২০২৪—কোনও লোকসভা নির্বাচনেই SIR হয়নি। তা সত্ত্বেও প্রতিবারই পরাজিত হয়েছে কংগ্রেস। তা হলে বিজেপির জয়ের জন্য SIR-কে দায়ী করা হচ্ছে কেন? একই সঙ্গে রাহুলকে সংসদে এসে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শাহ।
বৃহস্পতিবার হরিয়ানার কর্নালে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতাকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা চান? তা হলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন। SIR নিয়ে আলোচনা করতে আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। সংসদে আসুন, বিতর্কে অংশ নিন।’’
শাহের বক্তব্য, সংসদে আলোচনা না করে রাস্তায় জমায়েত করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস। তাঁর অভিযোগ, সংসদের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলতে না দিয়ে বিরোধীরা বারবার বিক্ষোভ ও বয়কটের পথে হাঁটছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনও বিষয়ে আপত্তি থাকলে তার সমাধান সংসদের ভিতরেই হওয়া উচিত বলে দাবি করেন তিনি।
‘২০১৪, ২০১৯, ২০২৪-এ SIR কোথায় ছিল?’
SIR নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাব দিতে গিয়ে অতীতের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন শাহ। তাঁর বক্তব্য, ২০১৪ সালে SIR হয়নি, তবু নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় এসেছিল বিজেপি। ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছে। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও SIR ছাড়াই জয় পেয়েছে বিজেপি।
শাহের কথায়, ‘‘২০১৪ সালে কোথায় ছিল SIR? তখনও আপনারা সম্পূর্ণ ভাবে পরাজিত হয়েছিলেন। ২০১৯ সালেও SIR ছিল না, তবু হেরেছিলেন। ২০২৪ সালেও SIR হয়নি, তার পরেও আবার পরাজয় হয়েছে।’’
শুধু লোকসভা নির্বাচন নয়, হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও SIR ছাড়াই বিজেপি জয় পেয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, দেশের মানুষ ধারাবাহিক ভাবে কংগ্রেস ও বিরোধী জোটকে প্রত্যাখ্যান করছেন।
রাহুলের বিদেশ সফর নিয়েও প্রশ্ন
বক্তব্যের এক পর্যায়ে রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুলের বিদেশ সফরের বিস্তারিত তথ্য জানার অধিকার রয়েছে দেশের মানুষের। শাহের কথায়, ‘‘আপনি বিরোধী দলনেতা। আপনার বিদেশ সফর সম্পর্কে জানার অধিকার মানুষের রয়েছে।’’
এ ছাড়াও দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সাম্প্রতিক জমায়েত নিয়েও কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। শাহের দাবি, ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক দেওয়া হলেও সভাস্থলের ধারণক্ষমতা ছিল প্রায় ৭০ হাজার। সেই জায়গাও অর্ধেকের বেশি ফাঁকা ছিল বলে অভিযোগ করেন তিনি।
মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে কংগ্রেসকে আক্রমণ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও কংগ্রেসকে আক্রমণ করেন শাহ। তাঁর অভিযোগ, SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার প্রচার চালাচ্ছে কংগ্রেস। সংসদে আলোচনা না করে বিরোধীরা বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও দাবি তাঁর।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, SIR-এর মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার আশঙ্কা রয়েছে। অন্য দিকে, বিজেপির দাবি, ভুয়ো ও একাধিক জায়গায় থাকা ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা স্বচ্ছ করতেই এই প্রক্রিয়া প্রয়োজন।
এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডেকে SIR নিয়ে আলোচনার প্রস্তাব শাহের রাজনৈতিক বার্তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাহুল গান্ধী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




