মহারাষ্ট্র, নিউজ ডেস্ক: সরকারি অফিসে তখন চলছিল স্বাভাবিক কাজকর্ম। আচমকাই সেখানে এমন কয়েকজন 'অতিথির' আগমন, যাদের দেখে রীতিমত চমকে উঠলেন উপস্থিতরা। শুধু প্রবেশ করেই থেমে যায়নি ঘটনা, তাদের বসানো হল আধিকারিকদের টেবিলের উপরে। এরপর ঘটল আরও এক অদ্ভুত কান্ড। কয়েক মিনিটের সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হল জোর আলোচনা। সামনে এল একাধিক প্রশ্ন।
ঘটনাটি মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ শহরের। শহর ও আশেপাশের এলাকায় পথ কুকুরের উপদ্রব বাড়ছে এমন অভিযোগ তুলে বুধবার এক অভিনব প্রতিবাদে সামিল হন শিবসেনার উদ্ভব ঠাকরে গোষ্ঠীর যুব শাখার কর্মীরা। নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান আধিকারিক ধীরজ ভামরের অফিসেই কয়েকটি পথকুকুর নিয়ে হাজির হন তাঁরা। সূত্রে খবর, যুবসেনার জেলা প্রধান বিক্রম রন্ধাভের নেতৃত্বে চার-পাঁচটি ছোট পথকুকুর নগর পঞ্চায়েতের অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর প্রতিবাদকারীরা কুকুরগুলিকে আধিকারিকের টেবিলের উপর ছেড়ে দেন। শুধু তাই নয় প্রতিবাদের অংশ হিসেবে আধিকারিকের টেবিলে টাকার নোটের মালাও রাখা হয়।
দেখুন: https://x.com/nextminutenews7/status/2100207343871176709
প্রতিবাদকারীদের অভিযোগ, নিফাদ শহর ও সংলগ্ন এলাকায় পথকুকুরের সংখ্যা অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তাঁদের দাবি, কুকুরের হামলা ও কামরের ঘটনায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। বিশেষকরে শিশু, প্রবীণ ও মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তাঁরা জানান। একইসঙ্গে, রাস্তার উপর কুকুরের দল ঘোরাফেরার কারণে দুই চাকার গাড়ি চালকরাও সমস্যায় পড়েছেন বলে অভিযোগ জানানো হয়। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত পথকুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। প্রতিবাদকারীদের বক্তব্য, বারবার একই সমস্যার কথা জানানো হলেও সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায়, এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তাঁরা।
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে অফিসের ভিতরে কুকুর এবং সরকারি আধিকারিকদের টেবিলে তাদের অবস্থান দেখা যাচ্ছে। এই অস্বাভাবিক প্রতিবাদ ঘিরে সমাজ মাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা। পথকুকুরের সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কতটা কার্যকর ভাবে সমাধান করা হয় এখন সেটাই দেখার। তবে, এমন অভিনব প্রতিবাদের ধরন নিয়েও শুরু হয়েছে আলোচনা।