নিউজ ডেস্ক: ব্যস্ত জীবন আর ট্রেনের যান্ত্রিক কোলাহলের ভিড়ে মাঝেমধ্যেই ধরা পড়ে এমন কিছু দৃশ্য, যা মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে নতুন করে বিশ্বাস করতে শেখায়। গড়ে তুলতে শেখায় একে অপরের প্রতি ভালোবাসা। সম্প্রতি তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হলেন একটি ট্রেনের যাত্রীরা।
অসুস্থ সন্তান কাঁদছে, কিভাবে তাকে থামাবেন বুঝতে পারছেন না মা।তখনই এগিয়ে এলেন রাজা বাবু কিন্ত কে এই রাজাবাবু ? কেনই বা চলন্ত ট্রেনের বগিতেই গান গেয়ে নাচতে শুরু করলেন এক সাধারণ চা-বিক্রেতা রাজা বাবু।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নিজের অসুস্থ শিশুসন্তানকে ওষুধ খাইয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন এক মা। দীর্ঘ পথযাত্রা, অসুস্থ সন্তানের শারীরিক কষ্ট এবং উদ্বেগ মিলিয়ে তিনি ছিলেন ভীষণভাবে বিধ্বস্ত।ট্রেনের তীব্র গরম ও ক্লান্তিতে শিশুটিও একটানা কেঁদেই চলছিল। আশপাশের সহযাত্রীরা যখন কেবল অসহায় দৃষ্টিতে পরিস্থিতি দেখছিলেন, তখনই সেখানে চায়ের কেটলি হাতে হাজির হন বিহারের পাটনা জেলার মসৌরি অঞ্চলের বাসিন্দা রাজা বাবু। নিজের জীবিকা নির্বাহ করতে তিনি নিয়মিত এই ট্রেনে চা বিক্রি করেন।
দেখুন: https://x.com/NeerajC111/status/2101118621397471399?s=20
মা ও শিশুর করুণ অবস্থা দেখে মুহূর্তের জন্য নিজের ব্যবসার কথা ভুলে যান রাজা বাবু।তিনিই যেন হয়ে ওঠেন মাসিহা। তিনি বুঝতে পারেন, কেবল ওষুধ নয়, এই মুহূর্তে তাদের প্রয়োজন একটু মানসিক সান্ত্বনা। দেরি না করে তিনি প্রথমে ক্লান্ত মায়ের হাতে এক কাপ গরম চা তুলে দেন। এরপর ক্রন্দনরত ছোট্ট শিশুটির মুখে হাসি ফোটানোর জন্য চলন্ত ট্রেনের মধ্যেই নিজের ভঙ্গিমায় নাচতে শুরু করেন।
চা-বিক্রেতার সেই প্রাণবন্ত ও নিঃস্বার্থ নাচ দেখে কিছুক্ষণের মধ্যেই শিশুটির কান্না থেমে যায় এবং তার নিষ্পাপ মুখে হাসি ফুটে ওঠে। ছেলের মুখে হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মা-ও। ট্রেনের পুরো বগির পরিবেশ মুহূর্তেই হালকা ও আনন্দে ভরে ওঠে। উপস্থিত যাত্রীরা এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন রাজা বাবু।
অনেকেই এই ভিডিও দেখে বলছেন আজও হয়তো বেঁচে আছে মানবিকতা। আবার অনেকেই বলছেন এইরকম মানুষ যদি আরও বেশি বেশি থাকতে তাহলে যাতায়াত হয়তো আরও সহজ হতো।