বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলাটি খারিজ করে বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, ‘এই মামলায় রাহুলের বিরুদ্ধে তদন্তের জন্য প্রয়োজনীয় নথি জমা করেনি উত্তরপ্রদেশ সরকার। ফলে এখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছে ৷’
২০২২ সালে ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন মহারাষ্ট্রে সাভারকরকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ‘সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন, স্যার, আমি আপনাদের চাকর হয়ে থাকতে চাই। যখন উনি চিঠিতে সই করছেন, তখন এর পিছনে কী কারণ ছিল? ভয়। উনি ব্রিটিশদের ভয় পেয়েছিলেন।’ অভিযোগ, সেই মন্তব্যে স্বাধীনতা সংগ্রামী সাভারকরকে অবমাননা করা হয়েছিল। এরপর লখনউয়ের বাসিন্দা নৃপেন্দ্র পান্ডে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় নিম্ন আদালত কংগ্রেস নেতার নামে সমন জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী।
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত জানতে চান, রাহুলের বিরুদ্ধে ফৌজদারি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য উত্তরপ্রদেশ সরকার প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে কি না। উত্তরপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ জানান, রাজ্যের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই ধরনের মামলায় সরকারের প্রয়োজনীয় অনুমোদন বাধ্যতামূলক। অনুমোদন না থাকায় মামলাটি আর চালানো সম্ভব নয়।