দীর্ঘ প্রায় ২০ বছর পর কলকাতায় পা রাখলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শহরজুড়ে ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে তসলিমার পোস্টার। শুক্রবার সকালে লাল পাড় সাদা শাড়িতে যাত্রা শুরু করেন তিনি। সেই সময়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, '
'আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।'
শনিবার, ১ অগাস্ট কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। ‘সেক্যুলার মিশন’ এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’—এই দুই সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন তিনি। তসলিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ওই দুই সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক ও মোহিত রায়। পাশাপাশি এনসিপির পক্ষে শিউলি সাহা এবং তসলিমার অনুরাগীদের একাংশও বিমানবন্দরে হাজির ছিলেন।
এদিন তসলিমা নাসরিনকে ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতার আলিপুর সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে তাঁর যাওয়ার কথা। আগামীকাল রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আগামী রবিবার বাংলা আকাদেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল শহর কলকাতা। কট্টরপন্থার বিরুদ্ধে তাঁর আগুনঝরা কলমের ‘খোঁচা’য় সংখ্যালঘু এলাকাগুলিতে অশান্তি ছড়িয়েছিল। এরপর নিরাপত্তার স্বার্থে তৎকালীন সরকার
তসলিমাকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দু দশক পর পরিবর্তনের বাংলাতে ফের ফিরলেন তসলিমা।