মহেশতলা, নিউজ ডেস্ক: বিশ্বকর্মা পুজোর আনন্দে যখন মাতোয়ারা গোটা বঙ্গ। সারাবছর এই দিনটার অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী। উৎসবের চেহারা নেয় চারিদিক। নানান প্রস্তুতি দেখতে পাওয়া যায়। উৎসবের এই সময় যখন আনন্দে মেতেছে সবাই ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি।
বিগত তিন দিন ধরে নিখোঁজ ছিল মহেশতলা পুরসভা এলাকার বাসিন্দা রিতেশ মান্না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোনও হাদিস মেলেনি। রবিবার সকালে মহেশতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের লালাবাগান এলাকায় একটি জলের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ওই ব্যাক্তির পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, নেমে এসেছে শোকের ছায়া।
সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রিতেশ মান্না, বয়স ৩৪ বছর। বিশ্বকর্মা পুজোর রাত থেকেই সে নিখোঁজ ছিলো। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে লালাবাগান এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল এবং কীভাবে তাঁর দেহ সেপটিক ট্যাঙ্কে পৌঁছল, তা খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার পরে কিভাবে সেপটিক ট্যাংকে গিয়ে পৌঁছালো তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।