ওদলাবাড়ি, নিউজ ডেস্ক: রাস্তায় খুব বেশি ভিড় ছিল না। প্রাতঃভ্রমণের জন্য প্রতিদিনের মতোই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন দুজনে। শরীরচর্চা সেরে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই সকালেই যে তাঁদের জীবনের শেষ সকাল হয়ে উঠবে, তা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি কেউ। কিছুক্ষণের মধ্যেই ওদলাবাড়ির রাস্তায় ঘটে যায় এমন এক ঘটনা, যার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার মহাকুমার ওদলাবাড়িতে। সকালটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই। শরীরচর্চার জন্য ভোরে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দুই গৃহবধূ। কিন্তু হাঁটা শেষে আর বাড়ি ফেরা হল না। মৃত দুই মহিলার নাম সোমা দেবী প্রসাদ (৪০) এবং দীপমালা ছেত্রী (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে চেল সেতু সংলগ্ন জাতীয় সড়ক ধরে দু’জনেই মর্নিং ওয়াক সেরে বাড়ির দিকে ফিরছিলেন।
জানা গিয়েছে, চেল সেতু সংলগ্ন জাতীয় সড়ক ধরে বাড়ির দিকে ফিরছিলেন দুই মহিলা। সেই সময় আচমকাই পিছন দিক থেকে একটি ছোট চারচাকার গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে দু’জনেই ছিটকে রাস্তায় পড়ে যান। মুহূর্তের মধ্যেই বদলে যায় ভোরের স্বাভাবিক এবং সুন্দর পরিবেশ।
তাঁদের গুরুতর জখম অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। এরপর তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, গাড়িটির গতি কত ছিল এবং চালকের গাফিলতি ছিল কি না সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ভোরের ব্যস্ততা শুরু হওয়ার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওদলাবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতেও পারেননি স্থানীয়রা। পাশাপাশি জাতীয় সড়কে ভোরের সময় পথচারীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।