নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ছাত্রদের আন্দোলন অব্যাহত। এই আবহেই সমাজ মাধ্যমে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। তাঁর মতে, শিক্ষাব্যবস্থা শুধু ছাত্রদের নয়, গোটা দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত।
সাধারণতঃ রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা বিন্দ্রা এক্স-এ লেখেন, তিনি নিজেকে রাজনৈতিক মানুষ বলে মনে করেন না। তবে শিক্ষা এমন একটি বিষয়, যা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে। তাঁর মতে, কোনও দেশের প্রকৃত শক্তি শুধু অর্থনীতি বা সাফল্যে নয়, বরং সেই দেশ তার তরুণ প্রজন্মের জন্য কতটা সুযোগ তৈরি করতে পারে, তার উপর নির্ভর করে।
বিন্দ্রা আরও বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি, যা ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে, মেধার যথাযথ মূল্যায়ন করবে এবং কৌতূহলকে উৎসাহিত করবে। তাঁর মতে, এই তিনটি গুণই দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তিনি আশা প্রকাশ করেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করে তুলতে সকলেই একসঙ্গে কাজ করবেন, যাতে আগামী প্রজন্মের জন্য এটি সুযোগ, উদ্ভাবন এবং আশার প্রতীক হয়ে ওঠে।
এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, দেশের যুবসমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (CJP) তাদের অবস্থানে অনড় রয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তাদের প্রধান দাবি এবং সেই দাবিতে আন্দোলন চলবে।