কলকাতা, নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির সামনে থাকা দুটি পুলিশ কিয়স্ক খুলে ফেলা হল। এর আগে ওই বাড়ির নিরাপত্তার জন্য মোতায়েন থাকা সমস্ত ধরনের পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এবার বাড়ির সামনে থাকা দু’টি পুলিশ কিয়স্কও সরিয়ে নেওয়া হল। ফলে নিরাপত্তা প্রত্যাহারের পর বাড়ির সামনে পুলিশের স্থায়ী পরিকাঠামোর অংশ হিাসেবেও আর থাকল না ওই কিয়স্ক দু’টি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই ওই দুই পুলিশ কিয়স্ক ছিল। বাড়ির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেখানে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হত। সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পর কিয়স্ক দু’টি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সেগুলি খুলে ফেলা হয়। তবে ঠিক কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এবং তার পরেই কেন কিয়স্ক দু’টি সরিয়ে নেওয়া হল, তা নিয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে কিয়স্ক সরানোর বিষয়টির সরাসরি কোনও যোগ রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। বাড়ির সামনে থেকে দু’টি কিয়স্ক সরিয়ে নেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দু'জনই জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরেও কমানো হয়েছে নিরাপত্তা। হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড, ক্যামাক স্ট্রিটে সুরক্ষাতে কাটছাঁট করা হয়েছে। তুলে নেওয়া হয় বাড়ির সামনে রাস্তার 'সিজার্স ব্যারিকেড'। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধাও তুলে নেওয়া হয়। পালাবদলের পর এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। দুই ভাগে ভাগ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। ঋতব্রত শিবির এবং মমতা শিবির। বিধায়কদের একাংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরব হয়ে নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে দাবি করেন। এরই মধ্যে নিজের তৈরি দলের নাম ও প্রতীকও হারান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুই শিবিরের লড়াইয়ের ফলে নির্বাচন কমিশন আপাতত তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দিয়েছে।




