অবসান ঘটল ভারতীয় ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়ের। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে। ২০১১ সালে অভিষেকের পর থেকে দেশের জার্সিতে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৮ হাজারেরও বেশি রান করেছেন। এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সেই বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন রাহানে।
বিদেশের মাটিতে শান্ত মেজাজ ও দৃঢ় ব্যাটিংয়ের জন্য একাধিকবার লাইম লাইটে এসেছেন রাহানে। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন তিনি। পাশাপাশি মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টেস্টে অনবদ্য শতরানও হাঁকিয়েছিলেন এই তারকা ব্যাটার।
যদিও টিম ইন্ডিয়ার হয়ে রাহানের শেষ টেস্ট ম্যাচ ছিল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টেনেছিলেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "ক্যাপ নম্বর ২৭৮, বিদায়। এত বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।" পাশাপাশি ভিডিওতে রাহানে বলেন, জীবনের প্রতিটি শুরুর যেমন শেষ আছে, তেমনই সঠিক সময়কে সম্মান জানিয়েই এগিয়ে যেতে হয়। তাঁর কথায়, "আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়।"
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিয়মিত খেলছিলেন রাহানে। সাম্প্রতিক সময়ে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। যদিও দলকে প্লে-অফে তুলতে পারেননি। পাশাপাশি মুম্বইয়ের হয়ে লাল বলের ক্রিকেটেও নিয়মিত খেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান, বিশেষ করে বিদেশের মাটিতে লড়াকু ইনিংস ও নেতৃত্ব, দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।