নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিলেন মাত্র তিন সপ্তাহের মাথায় আইরিশ মডেল আলেকজান্ড্রা টেলর। ভাষা বুঝতে সমস্যা হলেও তাঁর সরল, ভালো মন জয় করেছিল ঘরের অনেক সদস্যের। তাঁর হঠাৎ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন সোহিনী পাল, ঝিলাম, নিরঞ্জন থেকে শুরু করে তনুশ্রী। এমনকি দুর্নিবার সাহার গলাতেও শোনা গেল আক্ষেপের সুর।
দর্শকেরা জানেন, আলেকজান্ড্রার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সোহিনী পালের। প্রথম দিন থেকেই প্রায় সবসময় তাঁকে আগলে রেখেছেন তাপস পাল-কন্যা। আলেকজান্ড্রা কিছু বুঝতে না পারলে সোহিনীই তাঁকে বুঝিয়ে দিতেন। তাই বিদায়ের পর কান্নায় ভেঙে পড়ে সোহিনী বলেন, “আমার বিষয়টা এখনও হজম হচ্ছে না। সত্যিই আলেকজান্ড্রা বেরিয়ে গেল? ও কি সত্যিই আর কখনও ফিরবে না?”
শুধু সোহিনী নন, আলেকজান্ড্রাকে বিদায় জানাতে গিয়ে ঝিলাম ও নিরঞ্জনের চোখেও জল দেখা যায়। তনুশ্রীর চোখেও ছিল জল। প্রথম দিন থেকেই ডাগ আউটে তৈরি হওয়া এই বন্ধুত্ব যে গভীর ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে। ঘরের সদস্যদের একটাই বক্তব্য—সব কথা বুঝতে না পারলেও আলেকজান্ড্রা মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন।
বিদায় ঘিরে ঘরের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ ও অভিমানও। দুর্নিবারকে বলতে শোনা যায়, “এই ঘরে কয়েকটা মানুষই ঠিকঠাক ছিল, তারাও চলে যাচ্ছে।” মাঝে মাঝে বাকবিতণ্ডা হলেও আলেকজান্ড্রার সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই ছিল। অন্যদিকে ঝিলাম বলেন, “যাদের চলে যাওয়া উচিত, তারা থেকে যাচ্ছে। আর ভালো মানুষগুলো বেরিয়ে যাচ্ছে।”
তবে ঘরের সদস্যরা অবাক হলেও দর্শকদের একাংশের প্রত্যাশা ছিল এমন ফলের। মূল কারণ হিসেবে উঠে আসছে ভাষার সমস্যা। বাংলাকে ভালোবাসলেও আলেকজান্ড্রা ভাঙা বাংলা বলেন এবং সব কথা স্পষ্ট বুঝতে পারেন না। বিগ বসের নির্দেশ বোঝা থেকে নিজের কথা প্রকাশ—সব ক্ষেত্রেই তাঁকে অন্যদের সাহায্য নিতে হত। দর্শকদের ভোটেও তাই পিছিয়ে পড়েন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।
আলেকজান্ড্রা বেরিয়ে যাওয়ার পর ঘরের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। তবে টেলিপাড়ায় নতুন গুঞ্জন—‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ দাস নাকি বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন! গুঞ্জন সত্যি হলে চলতি সপ্তাহের মাঝপথেই হতে পারে তাঁর সারপ্রাইজ এন্ট্রি। খেলা যে এবার আরও জমজমাট হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।