কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে সকাল থেকেই একের পর এক সাফল্যে উজ্জ্বল ভারত। পুরুষদের ম্যারাথনে রুপো জিতে ইতিহাস গড়লেন সাওয়ান বারওয়াল। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেন তিনি। তাঁর এই সাফল্যের জেরে এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে ভারতের ঘরে পদক এল ৪২ বছর পর। সাওয়ানের রুপোর পাশাপাশি মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস দলগত ইভেন্টেও রুপো জিতেছে ভারত। তিলোত্তমা সেন, বিদারসা বিনোদ এবং আশি চৌকসির দল দুর্দান্ত লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করে। তিলোত্তমা ও বিদারসা ব্যক্তিগত ফাইনালেও জায়গা করে নিয়েছেন।
তবে শ্যুটিং ছাড়াও এ দিন নজর কেড়েছে ভারতের তিরন্দাজ দল। পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্বে ৬৯৮ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়েছেন ধীরজ বোম্মাদেভারা। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকে নক-আউটে নামবেন তিনি। মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত যোগ্যতা পর্বেও শীর্ষস্থান দখল করেছেন চিকিথা তানিপার্থি। ৭২০-এর মধ্যে ৭০৫ পয়েন্ট করে প্রথম হয়েছেন তিনি। ফলে, তিরন্দাজিতে একাধিক পদকের আশা তৈরি হয়েছে ভারতের জন্য। দিনের শুরুতে ডেকাথলনের লং জাম্পেও দুর্দান্ত পারফর্ম করেন তেজস্বিন শঙ্কর। ৭.৫৩ মিটার লাফিয়ে ইভেন্টে প্রথম হয়ে সামগ্রিক তালিকাতেও এগিয়ে যান তিনি।
https://www.facebook.com/share/r/1KGdRqQy8d/
তবে সব ইভেন্টে অবশ্য সাফল্য আসেনি। ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউয়ের কাছে ৩ গেমের লড়াইয়ে হারলেন লক্ষ্য সেন। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে জাপানের মিওয়া হারিমোতোর কাছে ১-৪ ব্যবধানে হেরে বিদায় নেন যশস্বিনী ঘোরপাড়ে। পুরুষদের সিঙ্গলসেও অভিযান শেষ হয়ে গিয়েছে ভারতের। বিশ্বের প্রাক্তন একনম্বর লিন শিদংয়ের কাছে ০-৪ ব্যবধানে হেরে যান মানুষ শাহ। ফেন্সিংয়েও হতাশা। পুরুষদের সাব্রে দল দক্ষিণ কোরিয়ার কাছে ২৫-৪৫ এবং মহিলাদের ফয়েল দল জাপানের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছে। ক্যানোয়িংয়েও ৫০০ মিটার মিক্সড ডাবলসে অষ্টম হয়ে পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারতীয় জুটি।
তবে এরই মধ্যে স্কোয়াশে এল আরও একটি পদক। মিক্সড ডাবলসে জোশনা চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমার সেমিফাইনালে হংকংয়ের জুটি লি কা ই এবং তাং মিং হংয়ের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করেন। এশিয়ান গেমসের এই আসরে স্কোয়াশে এটিই ভারতের প্রথম পদক। অন্য দিকে পুরুষদের ২০০ মিটারের সেমিফাইনালে উঠেছেন অনিমেশ কুজুর। সব মিলিয়ে দিনের শুরুতে সাওয়ানের ঐতিহাসিক রুপো, শুটিংয়ে আরও একটি রুপো এবং স্কোয়াশে ব্রোঞ্জ—মোট তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে। দিনের মাঝপথেই ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। সামনে এখনও একাধিক ইভেন্ট। ফলে পদকসংখ্যা আরও বাড়ার অপেক্ষায় ভারতীয় শিবির।