নিউজ ডেস্ক: খাস কলকাতায় মধ্যযুগীয় বর্বরতা। প্রেম করার অপরাধে এক যুবক, তাঁর বাবা এবং এক বন্ধুকে মারধর করে, চরম হেনস্তা করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছিল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হন যুবতীর বাবা ও মামা। এবার অভিযুক্তদের খালি গায়ে, হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ।
জানা গিয়েছে, যুবক-যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু বাড়িতে আপত্তি ছিল। গতকাল, ২৫ অক্টোবর ওই যুবক-যুবতী ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলে মেয়েটির বাড়ির লোক। এরপর ওই যুবককে ও তাঁর এক বন্ধুকে ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে যুবতীর বাবা এবং মামা। তারপর যুবককে তাঁর বাবাকে ফোন করে ডাকে কথা বলার জন্য। এরপর তাঁদের হেনস্তা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, সেখানেই যুবকের বাবাকে দুটি অপশন দেওয়া হয়। বলা হয়, ছেলেকে মেরে ফেলতে হবে নয়তো নগ্ন হয়ে হাঁটতে হবে রাস্তায়।
এরপরই ওই যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে প্রেমিকার বাবার বিরুদ্ধে। ছেলেটির এক বন্ধুকেও একইভাবে মারধর ও শাস্তি দেওয়া বলে অভিযোগ। নগ্ন হয়ে বাড়ি ফেরার সময় স্থানীয়রা বিষয়টা জানতে পারেন। এরপর এলাকাবাসী যুবতীর বাড়ি ভাঙচুর করে। সরশুনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে উভয় পক্ষ থেকে। গ্রেফতার করা হয় যুবতীর বাবা ও মামাকে।




