যোধপুরে কর্মরত অবস্থায় মৃত্যু ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকাতেই। জানা গিয়েছে, নিহত জওয়ানের নাম কানাই সরকার। বাড়ি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ডোমকিরা নিমতলা এলাকায় ৷ সোমবার সকালে কফিনবন্দি ওই জওয়ানের দেহ বাড়িতে এসে পৌঁছবে বলে খবর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ান ২৬ বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। বর্তমানে রাজস্থানের যোধপুরে অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। দীর্ঘদিন সেনাবাহিনীর সুবেদার পদে দায়িত্ব পালন করছিলেন কানাই সরকার।
শনিবার সকালে আচমকাই বাড়িতে তাঁর মৃত্যুর খবর আসে। জানানো হয় শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। এই খবর পৌঁছতেই ছেলের ছবি হাতে নিয়ে অবিরাম কান্নাকাটি করে চলেছেন জওয়ানের মা।
বাড়িতে কানাইবাবুর স্ত্রী ও দুই কন্যা সন্তানও রয়েছে। নিহত জওয়ানের স্ত্রী বলেন, 'আমার কাছে প্রথম ফোন এসেছিল ৷ একই ইউনিটে কাজ করত বর্তমানে অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী ফোনটা করেন। তিনি আমাকে ফোন করে প্রথমে আমার পরিবারের লোকজনের খোঁজ খবর নেন। এরপর আমি ফোনটা আমার দিদিকে দিয়ে দিয়েছিলাম। তারপর শুনি ওর মৃত্যু হয়েছে। তবে ওর শারীরিক অসুস্থতা এর আগে কখনও আমরা জানতে পারিনি। কী কারণে মৃত্যু হল, সেই রিপোর্ট আমাদের কাছে এখনও এসে পৌঁছয়নি।'