দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: ভাঙড়ে ফের অশান্তি! এলাকা দখলকে কেন্দ্র করে সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন দুই সিপিআইএম কর্মী। অভিযোগের তীর আইএসএফ কর্মী-সমর্থকদের দিকে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দুপজালি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই চাপা উত্তেজনা ছিল। সেই উত্তেজনার মধ্যেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষে গড়ায়। অভিযোগ, অশান্তি চলাকালীন ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। আর তাতেই জখম হন দুই সিপিআইএম কর্মী। তাঁদের শরীরের গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা শুরু হয়।
এরপর আহতদের মধ্যে একজনেপ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত কর্মীরও হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। নতুন করে যাতে কোনও সংঘর্ষ না ছড়ায়, সে জন্য পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
সিপিআইএমের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। যদিও আইএসএফের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে তৃণমূল, আইএসএফ এবং বামেদের মধ্যে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ সামনে এসেছে। নতুন করে অশান্তির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে অশান্তি ? হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।